আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই দ্বিতীয় ও শেষ দফার মেয়াদ শেষ হওয়ার পরও ক্ষমতায় থাকার চেষ্টা চালানোর পরিকল্পনা নিয়েছেন। একটি গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে গতকাল সোমবার জার্মান পত্রিকা বিল্ড-এ প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। সংবিধান অনুযায়ী ২০১৪ সালে প্রেসিডেন্ট হিসেবে কারজাইয়ের ক্ষমতায় থাকার মেয়াদ শেষ হবে। ২০১৪ সালে ন্যাটোর নেতৃত্বাধীন জোট বাহিনীর সেনাদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে। এরপর দেশটির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে জার্মানির বনে বড় ধরনের একটি আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। এ সময় কারজাই সম্পর্কে এ খবর প্রকাশিত হলো।জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা বিএনডির একটি বিশেষ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বিল্ড-এ প্রকাশিত খবরে বলা হয়, আফগান কেন্দ্রীয় সরকারের একটি নতুন সংস্থা নিয়ে কাজ করছেন কারজাই। খবরে বলা হয়, ক্ষমতা ত্যাগের অনিচ্ছা থেকে কারজাই এ ধরনের উদ্যোগ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুই দফা ক্ষমতায় থাকার পরও কীভাবে আরও থাকা যায়, এর একটি গঠনমূলক সমাধান খুঁজছেন আফগান প্রেসিডেন্ট। তিনি এ বিষয়ে দেশটির প্রভাবশালী রাজনীতিকদের সঙ্গে আলোচনা করছেন। এদিকে গতকাল জার্মানির ডের স্পিগেল পত্রিকাকে কারজাই বলেন, ২০১৪ সালের পর কাবুলে বাস করার পরিকল্পনা নিয়েছেন তিনি। এএফপি।