২০১৪ সালের মধ্যে দেশের নিয়ন্ত্রণ পেতে আগ্রহী আফগানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের নিরাপত্তা নিয়ন্ত্রণে নেওয়ার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই। সে লক্ষ্যে ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার রাজধানী কাবুলে দাতা গোষ্ঠীর একটি আন্তর্জাতিক সম্মেলনে এ আহ্বান জানান কারজাই।তিন দশকের মধ্যে আফগানিস্তানের সবচেয়ে বড় দাতা গোষ্ঠীর এই আন্তর্জাতিক সম্মেলনে ৭০টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। দুর্নীতি নিয়ন্ত্রণের ব্যাপারে বিদেশিদের প্রচণ্ড চাপের মুখে রয়েছে হামিদ কারজাইয়ের প্রশাসন। এই প্রশাসনকে প্রমাণ করতে হবে, তারা নিরাপত্তার নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারে আন্তরিক এবং সক্ষম।কারজাই বলেন, ‘লক্ষ্য অর্জনে অমি দৃঢ়প্রতিজ্ঞ। ২০১৪ সালের মধ্যে আমাদের আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী দেশের সব ধরনের সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারবে।’ তিনি আরও জানান, তালেবান নেতৃত্বাধীন হামলাকারীরা সব পক্ষের শত্রু। তারা ইসলামী ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক আরও গভীর হয়েছে—এ কথা উল্লেখ করে আফগানিস্তানের প্রেসিডেন্ট জানান, আগামী তিন বছরে আফগানিস্তানের উন্নয়নের জন্য পর্যাপ্ত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। শত কোটি ডলারের এই সহায়তা প্যাকেজের আরও বেশি নিয়ন্ত্রণ আফগান পক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানান তিনি।কারজাই বলেন, ‘আমরা সবাই একমত হয়েছি, স্থিতিশীলতার জন্য আফগানিস্তানের নেতৃত্ব ও মালিকানার ক্ষেত্রে ধারাবাহিক হস্তান্তর গুরুত্বপূর্ণ। আমরা খুশি, কারণ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ প্রতিশ্রুতি দিয়েছে, আগামী দুই বছরে আফগানিস্তানের বাজেটের মাধ্যমে সহায়তা প্যাকেজের অর্ধেক বরাদ্দ ছাড় করা হবে।’ বর্তমানে আফগানিস্তানের জন্য বরাদ্দ সহায়তার মাত্র ২০ শতাংশ আফগান সরকারের মাধ্যমে ছাড় করা হয়।কারজাইয়ের পর বক্তব্য দিতে এসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, ‘২০১১ সালের জুলাই থেকে আফগানিস্তানের পুলিশ ও সামরিক বাহিনীর হাতে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া জোরদার করবে যুক্তরাষ্ট্র।’ তবে তালেবান, আল-কায়েদা ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীর সঙ্গে কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আফগান সরকারকে সতর্ক করেন হিলারি।সম্মেলনের যৌথ আয়োজক জাতিসংঘের মহাসচিব বান কি মুন আফগানিস্তানের সমস্যাগুলো মোকাবিলায় আরও দায়িত্ব নেওয়ার ব্যাপারে আফগানদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘সহায়তা কর্মসূচিগুলোর সমন্বয় ভালো এবং স্বচ্ছ হতে হবে।’বিবিসির এক সাংবাদিক জানান, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের পর থেকে সেখানে এ পর্যন্ত তিন হাজার ৬০০ কোটি ডলার বিদেশি সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু এই সহায়তার খুব অল্প অংশই আফগানিস্তানকে স্বশাসনে সক্ষম করে তোলার ক্ষেত্রে ব্যয় করা হয়েছে। বেশির ভাগ অর্থই ব্যয় হয়েছে আন্তর্জাতিক পরামর্শক ও উপদেষ্টাদের বেতন-ভাতায় এবং নিরাপত্তা খাতে। আফগানিস্তানের এই যুদ্ধে রেকর্ড সংখ্যক বিদেশি সেনা নিহত হয়েছেন।কাবুলে রকেট হামলা: গতকাল এই সম্মেলন উপলক্ষে কাবুলে কড়া নিরাপত্তা নেওয়া হয়। কয়েক হাজার আফগান পুলিশ, সেনাসদস্য এবং ন্যাটো বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। তবে সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে কাবুলে রকেট হামলার ঘটনা ঘটে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি বলেন, ‘গত রাতে কাবুলের বিমানবন্দরের কাছে এক জোড়া রকেট বিস্ফোরিত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ এএফপি, বিবিসি।