২০১৫ সালের আগে অ্যাসাঞ্জের যুক্তরাজ্য ছাড়ার সম্ভাবনা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের যুক্তরাজ্য ত্যাগের বিষয়ে সে দেশের সরকারের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি তাঁকে নিজ দূতাবাসে আশ্রয়দানকারী দেশ ইকুয়েডর। তাই অ্যাসাঞ্জের ২০১৫ সালের আগে যুক্তরাজ্য ছাড়ার সম্ভাবনা কম। গতকাল রোববার গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ এড়াতে অ্যাসাঞ্জ গত বছরের জুনে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। এখনো সেখানেই আছেন তিনি।ইকুয়েডর আশা করছে, যুক্তরাজ্যে পরবর্তী মেয়াদে যদি লেবার পার্টি সরকার গঠন করে, তবে তাদের কাছ থেকে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণ না করার বিষয়ে সম্মতি আদায় করা সম্ভব হবে। তখন অ্যাসাঞ্জের যুক্তরাজ্য ত্যাগের বিষয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তা কাটবে। অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে সুইডেনে মামলা হয়েছে। যুক্তরাজ্যের বর্তমান সরকার তাঁকে মামলার শুনানির জন্য সুইডেনে পাঠানোর পক্ষে। কিন্তু অ্যাসাঞ্জের আশঙ্কা, সুইডেন পাঠানো হলে পরে সেখান থেকে তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে। লাখো মার্কিন গোপন কূটনৈতিক নথি ফাঁস করার অভিযোগ এনে পরে তাঁকে বিচারের নামে ফাঁসিতে ঝোলানো হবে। অ্যাসাঞ্জ সুইডেনে গেলে যেন তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণ করার বিষয়ে যুক্তরাজ্য সমর্থন না দেয়, এ ব্যাপারে ইকুয়েডর দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করছে। কিন্তু এ বিষয়ে যুক্তরাজ্যের বর্তমান রক্ষণশীল নেতৃত্বাধীন জোট সরকারের সঙ্গে সমঝোতা হয়নি। তাই ইকুয়েডরের কর্তৃপক্ষ আশা করছে, ২০১৫ সালে সাধারণ নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই অচলাবস্থার একটা কিনারা হবে। সম্মতি আদায়ের লক্ষ্যে যুক্তরাজ্যের বর্তমান বিরোধী দল লেবার পার্টির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইকুয়েডর। পিটিআই।