দক্ষিণ কোরিয়ার একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা যুক্তরাষ্ট্রের কাছে ভবিষ্যদ্বাণী করেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল বড়জোর ২০১৫ সাল পর্যন্ত বাঁচতে পারেন। তাঁর মৃত্যুর ঠিক তিন বছরের মাথায় দেশটির শাসনব্যবস্থায় পরিবর্তন আসতে পারে। হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকস গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।গতকাল উইকিলিকসে প্রকাশ করা তারবার্তা থেকে জানা গেছে, গত বছরের ২০ জুলাই দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ-বিষয়ক মন্ত্রী উন ইন তায়েক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কুর্ট ক্যাম্পবেলকে বলেছিলেন, কিম জং ইল এখনো উত্তর কোরিয়াকে শক্তভাবে নিয়ন্ত্রণ করছেন। তাঁর শরীরের যে অবস্থা, তাঁতে তিনি ২০১৫ সালের বেশি বাঁচবেন বলে মনে হয় না।তারবার্তা থেকে জানা যায়, গত বছরের ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ার তৎকালীন উপপররাষ্ট্রমন্ত্রী চুন ইয়ং উন সে দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্যাথলিন স্টিফেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে চুন স্টিফেনকে জানান, উত্তর কোরিয়া অর্থনৈতিকভাবে এরই মধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে। কিম জং ইলের মৃত্যুর দুই থেকে তিন বছরের মাথায় রাজনৈতিকভাবেও দেশটির বর্তমান শাসনব্যবস্থায় পরিবর্তন আসতে পারে।উত্তর কোরিয়ার ওপর চীনের প্রভাব সম্পর্কে চুন বলেন, অধিকাংশ লোক যা মনে করে, দেশটির ওপর চীনের প্রভাব আসলে ততটা প্রবল নয়। পিয়ংইয়ংয়ের নীতি-আদর্শ পরিবর্তনের ক্ষেত্রে চীন তার অর্থনৈতিক প্রভাব খুব একটা কাজে লাগাতে ইচ্ছুক নয়। আর উত্তর কোরিয়ার নেতারাও বিষয়টি জানেন। ওই বৈঠকে চুন ছয় জাতি আলোচনায় চীনের প্রতিনিধি য়ু দাউয়িরও কঠোর সমালোচনা করেন। চুন মার্কিন রাষ্ট্রদূতকে বলেন, য়ু আসলে উত্তর কোরিয়ার ব্যাপারে তেমন কিছুই জানেন না। দেশটির পরমাণু কর্মসূচি সম্পর্কেও তাঁর তেমন ধারণা নেই। তাঁর পক্ষে এসব জানা কষ্টকর। কারণ, তিনি ইংরেজি জানেন না।আরেক তারবার্তার খবরে বলা হয়, কিম জং ইল পরমাণু অস্ত্রের পরীক্ষা এবং ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিলেন মূলত ছেলের ক্ষমতার রাস্তা পাকাপোক্ত করতেই। একই উদ্দেশ্যে সাম্প্রতিক সময়ে কোরীয় উপদ্বীপে দেশটি আগ্রাসী তৎপরতা চালায় বলেও এতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, বর্তমানে কিম জং ইলের স্বাস্থ্য তেমন ভালো নয়। ডেইলি ইওমিউরি অনলাইন।