২০১৫ সালের মধ্যে ভারতে সাহায্য বন্ধ করবে যুক্তরাজ্য
যুক্তরাজ্য ২০১৫ সালের মধ্যে ভারতকে দেওয়া বিভিন্ন কর্মসূচির আওতায় সব ধরনের সাহায্য বন্ধ করে দেবে। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী জাস্টিন গ্রিনিং গতকাল শুক্রবার এ কথা জানান।যুক্তরাজ্য বিভিন্ন সহায়তা কর্মসূচির আওতায় বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ভারতকে বছরে ২০ কোটি পাউন্ড সহায়তা দিয়ে যাচ্ছে। দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বলেই কোনো কোনো সময় ভারতকে সহায়তা দেওয়ার বিরোধিতা করছেন দেশটির ক্ষমতাসীন জোটের শরিক কনজারভেটিভ পার্টির এমপিরা।যুক্তরাজ্যের মন্ত্রীরা অবশ্য এর আগে ভারতকে সহায়তা দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, দেশটির প্রত্যন্ত অঞ্চলে এখনো চরম দারিদ্র্য বিরাজ করছে। এ ছাড়া দেশটির সঙ্গে যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন গ্রিনিং। এরপর সব ধরনের সহায়তা বাজেট পর্যালোচনা করে ২০১৫ সালের মধ্যে ভারতে সহায়তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বিবিসি।