আলোচনায় থাকবেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরে পা রাখল বিশ্ব। বছরটিতে বিশ্ব রাজনীতির আগ্রহের কেন্দ্রবিন্দুগুলো কী হবে আর সম্ভাব্য মূল নায়কদেরই বা বছরটি কেমন যাবে, তা বিশ্লেষণ করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্যগার্ডিয়ান। এর নির্বাচিত অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো

হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

মার্কিন নির্বাচন: নতুন বছরের পুরো ১২টি মাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বিশ্ব গণমাধ্যমের স্থান ও সময় দখল করবে, তাতে কোনো সন্দেহ নেই। হোয়াইট হাউসের দখল নেওয়ার জন্য ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। আগামী ৪ নভেম্বর কার ভাগ্যে শিকে ছিঁড়বে, তা এখনই বলা যাচ্ছে না।
রিপাবলিকান শিবিরে ইতিমধ্যে দুই ‘হেভিওয়েট’ মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ও বেন কারসন নিজেদের প্রথম সারিতে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। ধনকুবের ডোনাল্ড ট্রাম্প মুসলিমবিদ্বেষী মন্তব্য করে ও প্রচারণায় কোটি কোটি ডলার খরচ করে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছেন। তবে বেন কারসনও বেশ শক্তিশালী অবস্থায় রয়েছেন।
অন্যদিকে ডেমোক্রেটিক পার্টিতে বারাক ওবামার ‘অনিবার্য’ রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে হিলারি ক্লিনটনের মনোনয়ন পাওয়াটা একরকম ঠিক হয়েই আছে। প্রতিপক্ষ বার্নি স্যান্ডার্সকে সহজেই পেছনে ফেলে দলের মনোনয়ন পেতে পারেন আট বছর আগে ওবামার কাছে হেরে যাওয়া হিলারি। আর যদি শেষ পর্যন্ত মনোনয়ন পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে সেটি হবে ইতিহাসের আরেক মাইলফলক। যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবেন তিনি।

ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিন

পুতিনের রাশিয়ার গতিপ্রকৃতি: এই বছরটি হবে রাশিয়ার কর্ণধার হিসেবে ভ্লাদিমির পুতিনের ১৬তম বছর। গত বছর একের পর এক বড় ঘটনা ও কথার বদৌলতে আলোচনার শীর্ষস্থানে ছিলেন পুতিন। পশ্চিমা দেশগুলোর ‘চরম শত্রু’ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পাশে দাঁড়িয়ে এবং সিরিয়ায় ‘একতরফাভাবে’ আইএসবিরোধী বিমান হামলা চালিয়ে তিনি পশ্চিমের চক্ষুশূল হয়েছেন। তবে এতে পুতিন কার্যত পশ্চিমা দেশগুলোর কাছে আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণও হয়ে উঠেছেন। নতুন বছরে পুতিনের সেই প্রভাব বা গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তেলের দাম পড়ে যাওয়ার কারণে দেশের মধ্যে পুতিনকে বেশ চাপ সামলাতে হচ্ছে। নতুন বছরে যদি দাম বাড়ে তাহলে দেশে তাঁর গ্রহণযোগ্যতা আরও বাড়বে। সোভিয়েত রাশিয়ার আমলের সেই দোর্দণ্ড প্রতাপ ফিরিয়ে আনতে না পারলেও নিজের শাসনামলেই মস্কোকে পুতিন আরও প্রভাবশালী জায়গায় নিয়ে যেতে চান। সেই লক্ষ্য পূরণের জন্য নতুন বছরটি হবে খুবই গুরুত্বপূর্ণ।

শি জিনপিং
শি জিনপিং

চীনের শি জিনপিং: চীনা ঐতিহ্যবাহী পঞ্জিকামতে, ২০১৬ সালকে বলা হচ্ছে ‘বানরবর্ষ’। চীনাদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই বছরে যাদের জন্ম হবে তারা হবে অসম্ভব মেধাবী ও বুদ্ধিদীপ্ত। তাদের ভাগ্য হবে প্রসন্ন। অবশ্য দেশটির একমাত্র রাজনৈতিক দল ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভাগ্য কতটা প্রসন্ন থাকবে, তা বলা মুশকিল। এই জানুয়ারিতেই তাঁর প্রেসিডেন্টের দায়িত্ব পালনের মেয়াদ তিন বছর পূর্ণ হবে। এই তিন বছরেই তিনি বিশ্বের অন্যতম শক্তিধর নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার মাধ্যমে সেখানে পৌঁছাতে তাঁকে যথেষ্ট অনমনীয় বা ক্ষেত্রবিশেষে ‘নিষ্ঠুর’ হতে হয়েছে। বহু প্রভাবশালী নেতা ও সরকারি কর্মকর্তাকে জেলে পুরতে হয়েছে।
ধারণা করা হচ্ছে, আগামী বছরের শেষ দিকে প্রেসিডেন্ট শি জিনপিং দেশের ভেতরে ও বাইরে রাজনৈতিক চাপের মুখে পড়বেন। এটি মোকাবিলা করার জন্য বছরের পুরো সময়টাই তিনি পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তার ওপর জোর দেবেন। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বাড়াতে তিনি দেশবাসীর মধ্যে জাতীয়তাবাদী চেতনা আরও চাঙা করার পদক্ষেপ নিতে পারেন।

ক্যামেরন ও ব্রেক্সিট: যুক্তরাজ্যইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকবে কি থাকবে না, তা নিয়ে এ বছরই গণভোট হওয়ার কথা। কোন সিদ্ধান্তের জয় হবে তা শতভাগ নিশ্চিত করে বলা না গেলেও ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। ‘ব্রিটেন’ এবং ‘এক্সিট’ (বেরিয়ে যাওয়া) শব্দ দুটিকে এক করেই তৈরি হয়েছে ‘ব্রেক্সিট’ কথাটি।

বেশির ভাগ পর্যবেক্ষক মনে করেন, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রতিশ্রুত সময়সীমা থেকে এই গণভোট পেছাবেন না। কারণ, পিছিয়ে তাঁর দৃশ্যত কোনো লাভ নেই। এক বছর আগের একটি জরিপে দেখা গিয়েছিল, যুক্তরাজ্যের ২৫ শতাংশ লোক ইইউর সদস্য থাকার পক্ষে। এই সংখ্যা এখন অনেক নিচে নেমে এসেছে।