আফগানিস্তানে কিছু মার্কিন সেনা রয়ে গেলেও সেখানে গত তিন বছরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যে অর্জন হয়েছে, তা ২০১৭ সালের মধ্যে উল্লেখযোগ্য মাত্রায় উল্টোপথে ঘুরতে পারে। এক নতুন গোপন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এ আভাস দেওয়া হয়েছে। প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট পত্রিকা গত শনিবার এ খবর প্রকাশ করেছে।
প্রভাবশালী পত্রিকাটি বলেছে, গোয়েন্দা প্রতিবেদনে আরও অনুমান করা হয়, ন্যাটো বাহিনীর অবস্থানের নির্ধারিত সময়সীমা ২০১৪ সালের পর দেশটিতে এ বাহিনী মোতায়েন রাখার বিষয়ে ওয়াশিংটন ও কাবুল একটি নিরাপত্তা চুক্তি সইয়ে ব্যর্থ হলে আফগানিস্তান দ্রুতই বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়বে।
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই করা নিয়ে দ্বিধায় রয়েছেন। ২০১৪ সালের পরও থেকে যাওয়া মার্কিন সেনাদের ভূমিকা কী হবে, ওই চুক্তিতে তা ঠিক হওয়ার কথা।
কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট আরও বলেছে, বহুজাতিক সেনাদের অব্যাহত উপস্থিতি ও আর্থিক সমর্থন না থাকলে পরিস্থিতির রাতারাতি অবনতি ঘটতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে কিছু কর্মকর্তা মনে করেন, প্রতিবেদনটি মাত্রাতিরিক্ত হতাশাপূর্ণ। এ ছাড়া এতে আফগানিস্তানের নিজস্ব নিরাপত্তা বাহিনীর অগ্রগতির বিষয়টি বিবেচনায় আনা হয়নি। রয়টার্স।