২০১৮ সালে অবসরে যাবেন রাউল কাস্ত্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ২০১৮ সালে তাঁর ক্ষমতার দ্বিতীয় মেয়াদ শেষে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দেশটির জাতীয় পরিষদ গত রোববার দ্বিতীয় মেয়াদে তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করার পর তিনি এ ঘোষণা দেন।৮১ বছর বয়সী রাউল কাস্ত্রো ২০০৮ সালে প্রথম আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন।জাতীয় পরিষদ গত রোববার রাউল কাস্ত্রোর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে মিগুয়েল দায়াজ-কানেল বারমুদেজকে মনোনীত করে। দায়াজ-কানেলকে রাউলের উত্তরসূরি হিসেবে মনে করা হচ্ছে ব্যাপকভাবে। কিউবার কমিউনিস্ট পার্টির তৃণমূল পর্যায়ের রাজনীতি থেকে পর্যায়ক্রমে আজকের এ অবস্থানে পৌঁছেছেন দায়াজ।রাজধানী হাভানায় ওই দিন জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশনে অবিসংবাদী নেতা ফিদেল কাস্ত্রোর (৮৬) বিরল উপস্থিতি দেখা যায়। তিনি পাঁচ দশক দেশের নেতৃত্ব দেন। অধিবেশনে যোগদানের মাধ্যমে বহুদিন পর জনসমক্ষে আসেন তিনি।পুনর্নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট রাউল বলেন, ‘এটাই হবে আমার শেষ মেয়াদ।’ পাঁচ বছরের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন শেষে তাঁর বয়স দাঁড়াবে ৮৬ বছর। ২০০৬ সালে অসুস্থ হওয়ার পর ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে অনানুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করে আড়ালে চলে যান ফিদেল কাস্ত্রো। ১৯৫৯ সালে সফল বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন বামপন্থী এই নেতা। ২০১৮ সালে রাউল কাস্ত্রোর অবসরে যাওয়ার মধ্য দিয়ে কিউবার রাজনীতিতে অবসান ঘটবে কাস্ত্রো-যুগের। বিবিসি ও রয়টার্স।