২০২১ সালে বহুল ব্যবহার, ২০২২–এ আর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, টেক্সট মেসেজ থেকে শুরু করে নিত্যদিনের কথায় ২০২১ সালজুড়ে কয়েকটি শব্দ ও বাক্যাংশ এত বেশি ব্যবহার করা হয়েছে যে সেগুলোকে পছন্দ করছেন না অনেকেই। বিরক্তি এতটাই সীমা ছাড়িয়েছে যে চলতি বছরের জন্য শব্দতালিকা থেকে এগুলোকে রীতিমতো বাদ দিতে চান ব্যবহারকারীরা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে গতকাল রোববার জানানো হয়েছে এই তথ্য। সিএনএন জানিয়েছে, ১৯৭৬ সালের পর থেকে প্রতিবছর ইংরেজি ভাষার অপছন্দের শব্দ ও ব্যাক্যাংশের একটি তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের লেক সুপেরিয়র স্টেট ইউনিভার্সিটি। ২০২১ সালের শেষ দিনে এবারের বার্ষিক তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সবার ওপরে রয়েছে ‘ওয়েট, হোয়াট?’ শব্দযুগল।

এক বিবৃতিতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের মানুষের কাছে অনলাইনে অপছন্দের শব্দ ও বাক্যাংশ চাওয়া হয়েছিল। এতে সাড়া দিয়ে নরওয়ে, বেলজিয়াম, যুক্তরাজ্য, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশ থেকে জমা পড়ে ইংরেজি ভাষার ১ হাজার ২৫০টির বেশি শব্দ ও বাক্যাংশ। সেখান থেকে শীর্ষ ১০টি বাছাই করা হয়। এই তালিকায় ‘ওয়েট, হোয়াট?’ শব্দযুগল সবার ওপরে রয়েছে। এটি নিয়ে একজন আপত্তি তুলে বলেছেন, ‘আমি আর অপেক্ষা করতে চাই না।’

শীর্ষ দশের তালিকায় আরও রয়েছে ‘নো ওরিস’, ‘অ্যাট দি এন্ড অব দ্য ডে’, ‘দ্যাট বিয়িং সেইড’, ‘আসকিং ফর আ ফ্রেন্ড’, ‘সার্কেল ব্যাক’, ‘ডিপ ডাইভ’, ‘নিউ নরমাল’, ‘ইউ আর অন মিউট’, ‘সাপ্লাই চেইন’ শব্দ ও বাক্যাংশ। ব্যবহারকারীরা বলেছেন, গত বছরে এসব শব্দ ও বাক্যাংশ তাঁরা এত বেশি ব্যবহার করেছেন যে এখন আর পছন্দ করছেন না। ২০২২ সালে তাঁরা এসব ব্যবহার করতে চান না।

বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট রডনি এস হানলে এক বিবৃতিতে বলেন, ‘নিত্যদিনের কথোপকথনে আপনি যেটা বোঝাতে চান, সেই অনুযায়ী শব্দ ও বাক্যাংশ ব্যবহার করেন। এর সহজ কিংবা কঠিন কোনো বিকল্প নেই। এরপরও এমন কিছু শব্দ ও বাক্যাংশ রয়েছে, যেগুলোর বারবার ব্যবহারে বিরক্ত হয়ে যান অনেকেই। বিরক্তির জেরে পড়ে সেসব শব্দ ও বাক্যাংশ থেকে মুখ ফিরিয়ে নেন মানুষ।’

গত বছরের পুরোটাই বিশ্ববাসী করোনা মহামারির বিরুদ্ধে লড়েছে। তাই অপছন্দ করার ক্ষেত্রে মহামারিসংক্রান্ত কয়েকটি শব্দ ও বাক্যাংশ তালিকায় জায়গা করে নিয়েছে। নতুন স্বাভাবিক বা নিউ নরমাল, সাপ্লাই চেইনের মতো শব্দ ও বাক্যাংশ মহামারির বছরে অনলাইনে–অফলাইনে বারবার ব্যবহার করতে হয়েছে। তাই এখন আর এসব মানুষ পছন্দ করছে না।