২০২১ সালের আলোচিত পাঁচ প্রাণীর ছবি
নানা আলোচনার মধ্য দিয়ে ২০২১ সাল শেষ হয়েছে। নতুন বছরের কয়েকটি দিন পেরিয়ে গেছে। গত বছর হাতির শাবকের ছাগলের দুধ খাওয়া, কচ্ছপের ফিরে আসা, লাল কাঁকড়ায় সড়ক বন্ধ ও ট্রেনে কুকুরের ঘুরে বেড়ানোর ছবিটি বেশ ভাইরাল হয়েছে। ছবিগুলো রয়টার্সের।
ছাগলের দুধ খাচ্ছে হাতির শাবক
বোতলে করে ছাগলের দুধ খাচ্ছে একটি হাতির শাবক—গত বছর এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনা কেনিয়ার। সেখানে অনাথ হাতিদের একটি আশ্রয়কেন্দ্রে হাতির শাবককে ছাগলের দুধ খেতে দেওয়া হয় পরীক্ষামূলকভাবে। পরে দেখা যায়, হাতির শাবকদের জন্য ছাগলের দুধ আরও স্বাস্থ্যকর ও সস্তায় পাওয়া পুষ্টিকর খাদ্য।
সেনেগালে কচ্ছপের ফিরে আসা
কোভিড মহামারির সময় মানুষ ঘুরে বেড়িয়েছে কম। জনসমাগম হবে ভেবে সমুদ্রসৈকতে যাওয়া এড়িয়ে চলেছে অনেকে। এতে অবশ্য ভালো কিছু হয়েছে। সেনেগালে বিপন্নপ্রায় কচ্ছপ আবার বিপুল সংখ্যায় ফের সমুদ্রসৈকতে দেখা যেতে শুরু করে। মাছ ধরা, পর্যটন ও অবকাঠামো নির্মাণের কারণে কচ্ছপদের নিরাপদ আশ্রয়ের মতো জায়গা দেশটিতে কমে গিয়েছিল। অবশ্য মহামারি–সংক্রান্ত বিধিনিষেধ উঠে যাওয়ার পর মানুষ আবার সমুদ্রসৈকতগুলোয় ফিরতে শুরু করার পর থেকে কচ্ছপগুলো সৈকত থেকে চলে যায়।
অভিবাসী কাঁকড়ায় রাস্তা বন্ধ
বাসস্থান ছেড়ে দলে দলে কাঁকড়া রাস্তায় উঠে আসতে শুরু করলে অস্ট্রেলিয়া তাদের একটি সড়কে যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়। প্রতিবছর এসব কাঁকড়া তাদের আবাস ছেড়ে সাগরের দিকে যায়। সাধারণত অক্টোবর বা নভেম্বরে বর্ষা মৌসুমের প্রথম বৃষ্টির সঙ্গে সঙ্গে পশ্চিম অস্ট্রেলিয়ার দ্বীপ থেকে কাঁকড়াগুলো এই যাত্রা শুরু করে।
ট্রেনে ঘুরে বেড়ায় যে কুকুর
ইস্তাম্বুলের কমিউটার ট্রেনের সবচেয়ে পরিচিত যাত্রীদের মধ্যে একটি হলো বোজি নামের এক কুকুর। তুরস্কের এই শহরের ফেরি, বাস ও মেট্রোরেলে নিয়মিত বোজিকে দেখা যায়। কুকুরটি গণপরিবহনে দীর্ঘ যাত্রাপথে চলাচল করতে পছন্দ করে। ছুটির দিন ছাড়া প্রতিদিন ৩০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করে বোজি। কুকুরটি কোথায় যাচ্ছে, তা নজরদারি করতে ইস্তাম্বুল নগর কর্তৃপক্ষ এর গায়ে একটি মাইক্রোচিপ লাগিয়ে জানতে পারে, বোজি দিনে অন্তত ২৯টি মেট্রোস্টেশনে নামে।
অনুষ্ঠান করে কুকুরের নৃত্য
মে মাসের প্রথম সপ্তাহে ছুটির দিনগুলোয় মস্কোতে কুকুরপ্রেমীরা তাদের পোষা কুকুরদের ঘুরিয়ে ঘুরিয়ে নৃত্য করায়। এর মাধ্যমে তারা তাদের কুকুরদের নাচের দক্ষতা দেখিয়ে সেটা উদ্যাপন করে। কুকুরের সঙ্গে নাচের এই প্রতিযোগিতা ছিল ইউরেশিয়া-২০২১ নামে কুকুরদের নিয়ে আয়োজিত এক মেলার অংশ। মেলায় ক্রেতা ও দর্শকদের আকর্ষণ করার জন্য কুকুরদের নিয়ে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় নাচ হয় দুই ধরনে। একটি ফ্রিস্টাইল, অপরটি সিংক্রোনাইজড নাচ।