২০২৮ সালের মধ্যে সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত
জনসংখ্যার দিক থেকে ভারত ২০২৮ সালের মধ্যে চীনকে ছাড়িয়ে যাবে। তখন ভারতের জনসংখ্যা দাঁড়াবে ১৪৫ কোটিতে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ‘বিশ্ব জনসংখ্যার পরিপ্রেক্ষিত’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে বিশ্বের জনসংখ্যা হবে ৭২০ কোটি। আর ২১০০ সালের মধ্যে এই সংখ্যা এক হাজার ৯০ কোটিতে পৌঁছাবে। মূলত উন্নয়নশীল বিশ্বের দেশগুলোর জনসংখ্যা বেড়ে যাবে।
প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে, ২০২৮ সালের মধ্যে ভারত হবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। তখন চীনের জনসংখ্যাও হবে ১৪৫ কোটি। তার পর থেকে ভারতের জনসংখ্যা বাড়তেই থাকবে, কিন্তু চীন তা কমিয়ে আনা শুরু করবে।
প্রতিবেদনটি প্রকাশ করে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল উ হংবো বলেন, ‘প্রতিবেদনে একনজরে গোটা বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির চিত্র তুলে ধরা হয়েছে। কিন্তু এই প্রতিবেদন আমাদের উন্নয়নশীল বিশ্ব, বিশেষত আফ্রিকার দ্রুতবর্ধনশীল জনসংখ্যার কথা মনে করিয়ে দেয়।’
প্রতিবেদনে বলা হয়, উন্নত দেশগুলোর জনসংখ্যা ২০৫০ সাল পর্যন্ত ১৩০ কোটির মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর বিপরীতে একই সময়ের মধ্যে ৪৯টি স্বল্পোন্নত দেশের জনসংখ্যা ৯০ কোটি থেকে বেড়ে ১৮০ কোটিতে দাঁড়াবে। নাইজেরিয়া ছাড়িয়ে যাবে যুক্তরাষ্ট্রকে।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক দপ্তরের জনসংখ্যা বিভাগের পরিচালক জন উইলমথ বলেন, চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো বড় উন্নয়নশীল দেশগুলোতে কয়েক বছর ধরে নারীপ্রতি সন্তান নেওয়ার হার দ্রুত কমেছে। তবে নাইজেরিয়া, নাইজার, কঙ্গো, ইথিওপিয়া, উগান্ডা, আফগানিস্তান ও তিমুরের মতো জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হারের দেশে বৃদ্ধি আগামী কয়েক দশক ধরে অব্যাহত থাকবে। এসব দেশে নারীপ্রতি পাঁচটির বেশি সন্তান রয়েছে। পিটিআই।