জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যর্থ হলে ২০৩০ সাল নাগাদ সারা বিশ্বে ১০ কোটির বেশি মানুষ মারা যাবে। সেই সঙ্গে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে জিডিপির ৩ দশমিক ২ শতাংশ।নতুন একটি গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি তৈরি করেছে মানবাধিকার সংগঠন ডিএআরএ। এটি তৈরিতে পৃষ্ঠপোষকতা করেছে ২০টি উন্নয়নশীল দেশের যৌথ সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরাম।প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিন হাউস গ্যাস নিঃসরণের কারণে বিশ্বে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব পড়ছে গ্রহে। এ কারণে বরফ গলে যাচ্ছে, বৈরী আবহাওয়ার সৃষ্টি হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পাশাপাশি খরাও বাড়ছে। এ কারণে হুমকির মুখে পড়েছে বিশ্বের মানুষ ও তাদের জীবিকা। গবেষকেরা হিসাব করে দেখিয়েছেন, জলবায়ু পরিবর্তনজনিত বায়ুদূষণ, ক্ষুধা ও রোগবালাইয়ের কারণে বছরে ৫০ লাখ মানুষের মৃত্যু হয়। বিদ্যমান হারে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত থাকলে ২০৩০ সাল নাগাদ এই মৃত্যুর হার ৬০ লাখে পৌঁছার আশঙ্কা রয়েছে।প্রতিবেদনটি বলেছে, এসব মৃত্যুর ৯০ শতাংশের বেশি ঘটবে উন্নয়নশীল দেশগুলোতে। জলবায়ু পরিবর্তন ও কার্বন নিঃসরণজনিত কারণে এখন থেকে আগামী দশকের শেষ নাগাদ ১০ কোটি লোকের মৃত্যু ঘটতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে ১৮৪টি দেশের মানুষ ও অর্থনীতির ওপর প্রভাবের বিষয়টি বিশ্লেষণ করে এ তথ্য দেওয়া হয়েছে।ডিএআরএ বলেছে, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক জিডিপি ১ দশমিক ৬ শতাংশ কমেছে অথবা বছরে প্রায় ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি অব্যাহত থাকলে ২০৩০ সাল নাগাদ এই ক্ষতি দ্বিগুণ বেড়ে ৩ দশমিক ২ শতাংশে পৌঁছাবে। আর ২১০০ সালের আগেই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা ১০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। প্রতিবেদনটির পরিপ্রেক্ষিতে অক্সফাম ইন্টারন্যাশনাল বলেছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাজনৈতিক নিষ্ক্রিয়তার খেসারত ‘বিচলিত’ করার মতো। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জেরেমি হবস বলেন, ‘২০৩০ সাল নাগাদ শুধু কৃষি ও মৎস্য খাতেই বছরে ৫০ হাজার কোটি ডলার করে ক্ষতি হতে পারে। যেসব দরিদ্র দেশের লাখ লাখ মানুষ জীবিকার জন্য কৃষি ও মৎস্য খাতের ওপর নির্ভরশীল, তাদের পরিণতি হবে সবচেয়ে ভয়াবহ।’ব্রিটিশ অর্থনীতিবিদ নিকোলাস স্টার্ন চলতি বছরের গোড়ার দিকে রয়টার্সকে বলেছিলেন, বৈশ্বিক জিডিপির ২ শতাংশের সমান বিনিয়োগ করা গেলে জলবায়ু পরিবর্তন ঠেকানো, এ থেকে রক্ষা এবং এর সঙ্গে খাপ খাওয়ানো সম্ভব। জলবায়ু পরিবর্তনের বিপজ্জনক হুমকি মোকাবিলায় প্রায় ২০০টি রাষ্ট্র ২০১০ সালে বৈশ্বিক তাপমাত্রার গড় বৃদ্ধি ৩ দশমিক ৬ ফারেনহাইটের নিচে নামিয়ে আনার ব্যাপারে সম্মত হয়েছে। কিন্তু জলবায়ু বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে গ্রিস হাউস গ্যাস নিঃসরণ বাড়ছে। তাই তাপমাত্রা বৃদ্ধির হার কমিয়ে আনার সুযোগও কমে আসছে। রয়টার্স।