২০৫০-এ ভারত হবে বৃহত্তম অর্থনৈতিক শক্তি!
২০৫০ সালের মধ্যে ভারত হবে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি। আর মাত্র ৩৯ বছরের মধ্যে দেশটি এমন অবস্থানে পৌঁছে যাবে বলে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং গ্রুপ সিটির এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই গবেষণা প্রতিবেদনের ভিত্তিতে ইকোনমিক টাইমস-এ প্রতিবেদন লিখেছেন মার্চেন্ট মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মিনহাজ মার্চেন্ট। গবেষণার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে ২০৫০ সালে ভারতের জিডিপি হবে ৮৫ দশমিক ৯৭ ট্রিলিয়ন ডলার। একই মানদণ্ডে ৮০ দশমিক ০২ ট্রিলিয়ন ডলার জিডিপি নিয়ে চীন দ্বিতীয় অবস্থানে থাকবে। ২০৫০ সালে ভারতের আনুমানিক জনসংখ্যা হবে ১৬৩ কোটি। তখন দেশটির মানুষের মাথাপিছু আয় হবে ৫৩ হাজার ডলার। এ আয় বর্তমানের ধনী দেশ সুইজারল্যান্ড ও নরওয়ের মানুষের মাথাপিছু আয়ের মতো।প্রশ্ন উঠতে পারে, এটা কি সত্য হওয়া সম্ভব? উত্তরটা হচ্ছে, সম্ভব। ওই গবেষণায় গাণিতিক হিসাবে বলা হয়েছে, ৩৯ বছর পর ভারতে দারিদ্র্য থাকবে না, এখনকার মতো আয়ের ক্ষেত্রে অনেক বৈষম্য থাকবে না বলেই যে এমন পরিস্থিতির সৃষ্টি হবে, তা নয়। বরং দ্বিতীয় প্রজন্মের অর্থনৈতিক সংস্কারগুলো নিম্ন আয়ের মানুষের জন্য সুফল বয়ে এনে আর্থসামাজিক উন্নয়ন ঘটাবে।সিটির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে চলতি বছর ভারতের জিডিপি ৪ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলার। ২০৫০ সালের সম্ভাব্য ৮৫ দশমিক ৯৭ ট্রিলিয়ন ডলার জিডিপি অর্জন করতে হলে আগামী ৩৯ বছরে ভারতের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে হবে গড়ে ৮ দশমিক ১ শতাংশ।আবারও প্রশ্ন আসছে, ভারত কি এটা পারবে? সিটির গবেষণা প্রতিবেদন বলছে, এটা সম্ভব। কারণ, এ ক্ষেত্রে ভারতের মূল শক্তি জনসংখ্যা ও গণতন্ত্র। সিটির প্রতিবেদন বলছে, চীনের চেয়ে গণতন্ত্রের দিক থেকে এগিয়ে আছে ভারত। ভারতের গণতান্ত্রিক মুক্ত সমাজ-ব্যবস্থা অর্থনৈতিকভাবে তাদের দুই ধাপ এগিয়ে নেয় বলে ইকোনমিক টাইমস-এর ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।