২১ ডিসেম্বর নিয়ে নাসার অভয়বাণী
মায়া সভ্যতার বর্ষপঞ্জিতে ২১ ডিসেম্বরের পর আর কোনো দিনের অস্তিত্ব নেই। তাই কেউ কেউ আশঙ্কা করছেন, ২১ ডিসেম্বর পৃথিবীতে নাটকীয় কোনো পরিবর্তন ঘটতে যাচ্ছে কিংবা পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে। তবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সেই আশঙ্কা নাকচ করে দিয়েছে।মেক্সিকোর মধ্যাঞ্চল থেকে বেলিজ পর্যন্ত এবং গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া ও কোস্টারিকার উত্তরাঞ্চলে পঞ্চদশ শতাব্দীর আগে কিছু সমাজে মায়া বর্ষপঞ্জি অনুসরণ করা হতো। সেই বর্ষপঞ্জি অনুযায়ী দীর্ঘ সময় গণনার ক্ষেত্রে দেখা যায়, ২১ ডিসেম্বরের পর আর কোনো দিনের অস্তিত্ব নেই। সেই সূত্রে পৃথিবী ধ্বংসের আশঙ্কা করছেন কেউ কেউ।এই আশঙ্কা নাকচ করে বিবৃতি দিয়েছে নাসা। নাসার জ্যেষ্ঠ গবেষক বিজ্ঞানী ডন ইয়োমান্স বলেন, ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস বা নাটকীয় কোনো পরিবর্তনের আশঙ্কা পুরোপুরি ভ্রান্ত। কয়েক দশক ধরে এ ধরনের অনেক আশঙ্কা করা হয়েছে, শেষে সবই ভুল বলে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগানের সেই উক্তি পাঠকের মনে রাখা উচিত। তা হলো, ‘অসাধারণ কোনো ঘটনার ভবিষ্যদ্বাণী করা হলে এর পক্ষে অসাধারণ কিছু তথ্য-প্রমাণ থাকতে হবে।’ টিএনএন।