২১ বছর পর নোবেল ভাষণ দেবেন সু চি
১৯৯১ সালের ১৪ অক্টোবর। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হয় মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির।ওই বছরের ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে পুরস্কার বিতরণের আসর বসে। কিন্তু মঞ্চে ছিলেন না সু চি। তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন স্বামী মাইকেল এরিস এবং দুই ছেলে আলেকজান্ডার ও কিম। নোবেল বিজয়ী নেত্রী তখন নিজ দেশে গৃহবন্দী।প্রথা অনুযায়ী নোবেল বিজয়ীর ভাষণ দেওয়ার কথা থাকলেও ওই বছর তা হয়নি। দীর্ঘ প্রতিক্ষীত সেই ভাষণ সু চি দেবেন কাল শনিবার।নরওয়েজিয়ান নোবেল কমিটির (যে কমিটি শান্তিতে নোবেল বিজয়ীকে নির্বাচন করে) বর্তমান প্রধান থোরবোজার্ন জাগল্যান্ড সু চির দীর্ঘ প্রতিক্ষীত নোবেল ভাষণ সম্পর্কে বলেন, ‘সন্দেহাতীতভাবেই বলা যায়, এটি নোবেল ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনা।’নোবেল কমিটি পুরস্কার ঘোষণার সময় সু চি সম্পর্কে তাদের মতামতে উল্লেখ করে, ‘গণতন্ত্র ও মানবাধিকারের জন্য অহিংস সংগ্রামের’ স্বীকৃতিস্বরূপ তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হলো।এরপর দুই দশকেরও বেশি সময় কেটে গেছে। পাল্টেছে বিশ্বপরিস্থিতি। সু চির নিজ দেশ মিয়ানমারেও পরিবর্তনের হাওয়া লেগেছে। গত বছর সেনাসমর্থিত নতুন সরকার তাঁকে মুক্তি দিয়েছে। এএফপি।