২২ বছর পর মিয়ানমারে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনীত ব্যক্তি ডেরেক মিচেলকেই গত শুক্রবার মিয়ানমারের রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্ত করেছে মার্কিন সিনেট। দুই দশকেরও বেশি সময় পর এই প্রথম যুক্তরাষ্ট্র দেশটিতে রাষ্ট্রদূত নিয়োগ দিল।এশিয়াবিষয়ক ঝানু মার্কিন নীতিনির্ধারক ডেরেক মিচেলকে মিয়ানমারের রাষ্ট্রদূত করার বিষয়ে সিনেটে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মিচেলকে অভিনন্দন জানিয়ে সিনেটে সংখ্যালগিষ্ঠ দলের নেতা ম্যাককনেল বলেন, ‘সাম্প্রতিক সময়ে এই কূটনীতিক মিয়ানমারের বিশেষ প্রতিনিধি ও নীতি-সমন্বয়ক হিসেবে চমৎকার দায়িত্ব পালন করেছেন।’ মিয়ানমারে সামরিক শাসন কায়েম হলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ অনেক দেশ জান্তা সরকারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। ১৯৮৮ সালে মিয়ানমারে গণতন্ত্রের দাবিতে আন্দোলন এবং ১৯৯০ সালে অং সান সু চির দল নির্বাচনে জয় পেলেও সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানালে দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি মিয়ানমারের সেনাসমর্থিত বেসামরিক সরকার গণতান্ত্রিক সংস্কার, রাজবন্দীদের মুক্তি এবং সু চির দলকে মূলধারার রাজনীতিতে ফেরার অনুমতি দেওয়াসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় দেশটির বিষয়ে অনেক নমনীয় হয়েছে পশ্চিমা বিশ্ব। এএফপি।