২৩ এপ্রিল প্রথমবার পার্লামেন্ট অধিবেশনে যোগ দিচ্ছেন সু চি
মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি প্রথমবারের মতো ২৩ এপ্রিল পার্লামেন্টে তাঁর আসন গ্রহণ করবেন। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) গতকাল সোমবার এ কথা জানায়। ১ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে ঐতিহাসিক বিজয়লাভের পর এনএলডির নেত্রী এ আসন গ্রহণ করতে শিগগিরই রাজধানী নেপিডোর উদ্দেশে রওনা হবেন।এনএলডির মুখপাত্র নিয়ান উইন জানান, নোবেল বিজয়ী নেত্রী সু চি পার্লামেন্টের নিম্নকক্ষের নতুন অধিবেশনে যোগ দিতে ২২ এপ্রিল রাজধানী নেপিডোর উদ্দেশে রওনা দেবেন। গত ২৩ মার্চ থেকে পার্লামেন্ট অধিবেশন মুলতবি রয়েছে।এবারের উপনির্বাচনে এনএলডি দেশটির জাতীয় পার্লমেন্টের ৪৩টি আসনে বিজয়ী হয়। এ অবস্থায় দলটি সামরিক বাহিনী ও তাদের রাজনৈতিক সহযোগীদের নিয়ন্ত্রণাধীন পার্লামেন্টের প্রধান বিরোধী শক্তিতে পরিণত হতে যাচ্ছে। মিয়ানমার যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন চলতি সপ্তাহে এক দিনের সফরে মিয়ানমার যাবেন। সরকারি এক কর্মকর্তা গতকাল সোমবার জানান, প্রধানমন্ত্রী আগামী শুক্রবার দেশটির রাজধানী নেপিডোতে প্রেসিডেন্ট থিয়েন সিয়েনের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদিনই তিনি ইয়াঙ্গুনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গেও বৈঠক করবেন।মিয়ানমারে সামরিক শাসনের অবসানের পর এই প্রথম কোনো পশ্চিমা নেতা দেশটি সফরে যাচ্ছেন।মিয়ামারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি গত ২২ বছরের মধ্যে ১৫ বছর গৃহবন্দী ছিলেন। গত এক এপ্রিল মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচনে সু চি পার্লামেন্টে একটি আসনে জয়ী হন। পশ্চিমা বিশ্ব মিয়ানমারের নির্বাচনকে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা হিসেবে অভিহিত করেছে। এএফপি।