২৩ বছর পর ঘরে ফেরা
তাঁর বয়স ছিল মাত্র পাঁচ বছর। তখন অপহূত হন চীনের সিচুয়ান প্রদেশের লুউ গ্যাং। তারপর কেটে যায় দীর্ঘ ২৩টি বছর। অবশেষে গুগল ম্যাপ ব্যবহার করে নিজের পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন তিনি।
আজ রোববার বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, লুউ গ্যাংয়ের বয়স এখন ২৮। পাঁচ বছর বয়সে সিচুয়ান প্রদেশ থেকে তাঁকে অপহরণ করা হয়। এরপর দেড় হাজার কিলোমিটার দূরে ফুজিয়ান প্রদেশের একটি পরিবারের কাছে তাঁকে বিক্রি করে দেয় অপহরণকারীরা।
লুউ জানান, দত্তক নেওয়া পরিবারটি তাঁকে নিজেদের ছেলের মতোই ভালোবাসা দিয়েছে। স্নেহ ও মমতায় তাঁকে বড় করেছে। কোনো কিছুর কমতি ছিল না। কিন্তু তাঁর মন সব সময়ই মা-বাবা ও পরিবারকে খুঁজে ফিরেছে। পরিবারের স্মৃতি বলতে বাড়ির কাছের দুটি সেতুর কথা মনে ছিল। এই স্মৃতির ওপর ভর করে নিজের জন্ম-শহরের একটি মানচিত্রের খসড়া আঁকেন লুউ। পরে ওই মানচিত্র ‘ব্রিং লস্ট বেবিস হোম’ নামের একটি চীনা ওয়েবসাইটে পোস্ট করেন তিনি। স্বেচ্ছাসেবকদের সহায়তায় চীনের হারিয়ে যাওয়া শিশুদের খুঁজে পরিবারে ফিরিয়ে দিতে ওই ওয়েবসাইট কর্তৃপক্ষ কাজ করে।
লুউ জানান, মানচিত্রটি পোস্ট করার কিছুদিন পরই ওই ওয়েবসাইটের এক স্বেচ্ছাসেবক ২৩ বছর আগে হারিয়ে যাওয়া একটি শিশু সম্পর্কে তাঁর মা-বাবার বরাত দিয়ে কিছু তথ্য পাঠান। সিচুয়ান প্রদেশের গুয়ানগান শহরের শিশুটি যে সময় হারিয়ে যায়, ঠিক একই সময় অপহূত হন লুউ।
এরপর ইন্টারনেটে সিচুয়ান প্রদেশের ওই শহরের ছবির খোঁজ করেন লুউ। শহরটি তাঁর কাছে পরিচিত লাগে। বিষয়টি ভালোভাবে নিশ্চিত হতে গুগলের ভূ-উপগ্রহ মানচিত্রে যান তিনি।
গুগলের ভূ-উপগ্রহ মানচিত্রে সিচুয়ানের ইয়োজিয়াবা নামের এলাকাটি বড় (জুম) করতেই দুটি সেতু দেখতে পান লুউ। তাঁর স্মৃতির সঙ্গে মিলে যায় মানচিত্রের ছবি। মনের পর্দায় ভেসে ওঠে—এই তো সেই দুটি সেতু! এভাবেই নিজের হারিয়ে যাওয়া পরিবারের খোঁজ পান তিনি। ২৩ বছর পর নিজের পরিবারের সঙ্গে মিলিত হন লুউ গ্যাং।