২৩৯ জন নিয়ে মালয়েশীয় বিমান নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ মালয়েশীয় বিমানের এক যাত্রীর জন্য কাঁদছেন তাঁর স্বজন। ছবিটি আজ চীনের বেইজিং বিমানবন্দর থেকে তোলা। ছবি: রয়টার্স
নিখোঁজ মালয়েশীয় বিমানের এক যাত্রীর জন্য কাঁদছেন তাঁর স্বজন। ছবিটি আজ চীনের বেইজিং বিমানবন্দর থেকে তোলা। ছবি: রয়টার্স

মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমান ২৩৯ জন যাত্রী ও ক্রু নিয়ে নিখোঁজ হয়েছে। বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল।
মালয়েশিয়ান এয়ারলাইনস কর্তৃপক্ষের বিবৃতির বরাত দিয়ে আজ শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটা ৪০ মিনিট থেকে ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ রয়েছে। বোয়িং বি৭৭৭-২০০ বিমানটিতে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন।
স্থানীয় সময় আজ সকাল সাড়ে ছয়টায় বিমানটির বেইজিংয়ে অবতরণের কথা ছিল।
বিবৃতিতে মালয়েশিয়ান এয়ারলাইনস কর্তৃপক্ষ বলেছে, আমরা গভীরভাবে মর্মাহত যে ফ্লাইট এমএইচ৩৭০-এর সঙ্গে সব ধরনের যোগাযোগ হারিয়েছি। বিমানটি রাত ১২টা ৪১ মিনিটে বেইজিংয়ের উদ্দেশে কুয়ালালামপুর ছাড়ে। কুয়ালালামপুর ছাড়ার দুই ঘণ্টা পর বিমানটি নিখোঁজ হয়।
মালয়েশিয়ান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ বিমানটির বর্তমান অবস্থান শনাক্ত করতে বা যাত্রীদের উদ্ধারে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ভিয়েতনামের আকাশে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিমানটি চীন-নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশ করেনি। এমনকি চীনা কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগও করেনি।
চীনের সিসিটিভি জানায়, বিমানটিতে চীনের ১৬০ নাগরিক ছিল। চীনের রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, চীনের ভূখণ্ড বা জলসীমায় বিমান বিধ্বস্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।