২৪ তলা ভবনে আগুনে ১২ জনের মৃত্যু

যুক্তরাজ্যের লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ আজ বুধবার ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অনেকেই ভবনটিতে আটকে পড়েছেন। বাঁচার জন্য সহায়তা চেয়ে তাঁরা চিৎকার করছেন।
লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে, ৬৮ জনকে লন্ডনের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট কান্ডি বলেন, ‘দুঃখজনকভাবে আমি নিশ্চিত করছি যে, আমাদের জানা মতে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ কয়েক দিন ধরে চালাতে হবে। এ কাজ হবে বেশ জটিল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’ তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।
২৪ তলা (কোনো কোনো গণমাধ্যমে ২৭ তলা বলা হচ্ছে) ওই ভবনটির অগ্নি নির্বাপণ ব্যবস্থায় ত্রুটি ছিল বলে মন্তব্য করেছেন ফায়ার ব্রিগেডস ইউনিয়নের কর্মকর্তা ম্যাট র্যাক। লন্ডনের ফায়ার কমিশনার ড্যানি কটন বলেন, ফায়ার সার্ভিসের পক্ষে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনই তদন্ত করা সম্ভব হবে না। কারণ গ্রেনফেল টাওয়ারের ভেতরে যাওয়া সম্ভব হচ্ছে না।
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, ওই ভবন থেকে ইতিমধ্যে অনেক মানুষকে উদ্ধার করা হয়েছে। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। এ বিষয়ে লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, উদ্ধার হওয়া অনেক মানুষই গণনার বাইরে রয়েছে। তাই সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা সম্ভব হচ্ছে না।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ১৬ মিনিটে গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় দুই শতাধিক কর্মী আগুন নেভাতে কাজ করছেন। গত সত্তরের দশকে নির্মিত আবাসিক এই ভবন নটিংহিলের কাছে অবস্থিত। ২৪ তলা ভবনে ১২০টি আবাসিক ফ্ল্যাট রয়েছে। লন্ডন পুলিশ বলছে, ভবনে আটকে পড়া বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
সূত্র: বিবিসি
আরও পড়ুন...