২৪ পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় হিলারির দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগান সীমান্তে ন্যাটোর হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শোক প্রকাশ করেছেন। তিনি এ ঘটনায় গভীর সমবেদনা জানাতে গত শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে ফোন করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।বিবৃতিতে জানানো হয়, ইউসুফ রাজা গিলানির সঙ্গে আলাপকালে হিলারি ক্লিনটন পাকিস্তানের স্বার্বভৌমত্বের প্রতি বারবার সম্মান জানান। এ ছাড়া তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সম্মান বজায় রেখে অভিন্ন লক্ষ্যে একত্রে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। হিলারি নিহত সেনাদের পরিবার ও পাকিস্তানি জনগণের প্রতিও সমবেদনা জানান।২৬ নভেম্বর চালকবিহীন বিমান হামলার পর চলতি সপ্তাহে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে অনুষ্ঠিতব্য বন সম্মেলনে পাকিস্তান যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। গিলানির দপ্তর থেকে জানানো হয়েছে, ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন যে জাতীয় নিরাপত্তা কমিটির সমর্থন ছাড়া বন সম্মেলনে দেশটির অনুপস্থিতি নিয়ে আলাপে অনিচ্ছুক।বিবৃতিতে গিলানির বরাত দিয়ে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার বিষয়টি পাকিস্তানের পার্লামেন্ট নতুন করে পর্যালোচনা করছে। এর মধ্য দিয়ে জাতীয় কর্তৃত্ব ও দুই দেশের সম্পর্কের বিষয়ে স্পষ্ট হবে দেশটি। এএফপি।