২৪ বছর পর বিদেশ সফরে যাচ্ছেন সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আগামী সপ্তাহে ঐতিহাসিক বিদেশ সফর শুরু করছেন। থাইল্যান্ডের ব্যাংককে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার মধ্য দিয়ে তিনি এ সফর শুরু করবেন। আর এটি হবে, দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো তাঁর বিদেশের মাটিতে পা রাখা। নোবেলজয়ী নেত্রী সু চির পার্টি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) গতকাল বৃহস্পতিবার বলেছে, ১৯৮৮ সালের পর তিনি এবারই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন। এনএলডির মুখপাত্র নিয়ান উইন বলেন, ‘বিশ্ব অর্থনৈতিক ফোরামের (পূর্ব এশিয়ার ওপর) সম্মেলনে যোগ দিতে সু চি থাইল্যান্ড যাবেন।’ ব্যাংককে আগামী ৩০ মে-১ জুন তিন দিনের ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে এ অঞ্চলের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক নেতারা অংশ গ্রহণ করবেন। ২৮ মে সু চি ব্যাংকক পৌঁছাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা জানান, ব্যাংকক সম্মেলনে প্রেসিডেন্ট থেইন সেইনও যোগ দেবেন। গত বছর প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাসীন হওয়ার পর থেকে দেশে বিভিন্ন সংস্কারকাজের জন্য তিনি দারুণভাবে প্রশংসিত হন। টানা সাত বছরের গৃহবন্দিত্ব শেষে ২০১০ সালের নভেম্বরে সু চি মুক্তি পান। এখন তিনি পাসপোর্টও লাভ করেছেন। এর ফলে দীর্ঘ ২৪ বছর পর বিদেশ সফরে যেতে তাঁর আর কোনো বাধা থাকছে না। থাইল্যান্ডের পর সু চি ইউরোপ সফরে যাবেন। ১৪ জুন জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সম্মেলনে ভাষণ দেবেন তিনি। ১৬ জুন নরওয়ের অসলোতে অপর এক ভাষণ দেবেন। ১৯৯১ সালে এখান থেকেই তিনি নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন। সু চির যুক্তরাজ্য যাওয়ারও কথা রয়েছে। ২১ জুন ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে ভাষণ দেওয়ার বিরল সম্মান লাভের সুযোগ পেয়েছেন তিনি। এ লক্ষ্যে তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণও গ্রহণ করেছেন। এর আগের দিন ২০ জুন বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে নাগরিক অধিকার-সংক্রান্ত আইনের ওপর সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। এএফপি ও বিবিসি।