২৪ বছর পর বিদেশ সফরে যাবেন সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আগামী জুনে নরওয়ে ও যুক্তরাজ্য সফর করবেন। ২৪ বছরের মধ্যে এটাই হবে তাঁর প্রথম বিদেশ সফর। গতকাল বুধবার সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) একজন মুখপাত্র এ কথা জানান। গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার এক বছরেরও বেশি সময় পর সু চির বিদেশ সফরের এই ঘোষণা এল। এ মাসের শুরুর দিকে অনুষ্ঠিত উপনির্বাচনে পার্লামেন্টের একটি আসনে জয়ী হন তিনি। এতে সু চির পার্লামেন্টে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এনএলডির মুখপাত্র নিয়ান উইন জানান, সু চির সফরসূচির মধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড শহরও রয়েছে। সত্তরের দশকে ওই শহরের ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সু চি।নিয়ান উইন আরও জানান, সু চি প্রথমে নরওয়ে না যুক্তরাজ্য সফর করবেন, এ বিষয়ে তিনি জানেন না। তবে প্রাথমিকভাবে সু চি ইঙ্গিত দিয়েছিলেন, তিনি প্রথমে নরওয়ের অসলো সফর করতে পারেন। তবে সফরের সময়সূচি সম্পর্কে এখনো সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।১৯৮৯ সালে প্রথম সু চিকে গৃহবন্দী করা হয়। পরবর্তী ২১ বছরের মধ্যে বেশির ভাগ সময়ই তিনি গৃহবন্দী ছিলেন। ২০১০ সালের নভেম্বরে তিনি গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান। মুক্তির পর সংক্ষিপ্ত সময়ের জন্য সু চিকে দেশ ত্যাগের প্রস্তাব দেয় সরকার। তবে তাঁকে আর দেশে ফিরতে দেওয়া হবে না—এই আশঙ্কায় সু চি ওই প্রস্তাবে রাজি হননি। গণতন্ত্রে উত্তরণের পথে আরও উত্তরণে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের রাজনৈতিক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এ মাসে অনুষ্ঠিত উপনির্বাচনে এনএলডির পাওয়া ৪৩টি আসনের একটিতে জয়ী হন সু চি। থেইনের রাজনৈতিক সংস্কারের মধ্যে ছিল রাজবন্দীদের মুক্তি, গণমাধ্যমের অধিকতর স্বাধীনতা, জাতিগত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে শান্তির সংলাপ শুরু ইত্যাদি। গত শুক্রবার ইয়াঙ্গুনে নিজ বাসভবনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক হয় সু চির। ওই সময় ক্যামেরন সু চিকে যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানান। প্রস্তাবটি সু চি বিবেচনা করবেন বলে জানান। এদিকে জাপানের পরারাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল জানান, চলতি সপ্তাহেই মিয়ানমারের প্রেসিডেন্ট সেইন থেইন জাপান সফর করবেন। ২৮ বছরের মধ্যে এই প্রথম মিয়ানমারের কোনো রাষ্ট্রপ্রধান জাপান সফরে যাবেন। ওই কর্মকর্তা জানান, থেইন ২০ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন এবং ২১ এপ্রিল নোদার সঙ্গে বৈঠক করবেন। মিয়ানমারের একজন কর্মকর্তা থেইনের জাপান সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। এএফপি ও বিবিসি।