ন্যাটো জোটের বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় ন্যাটোর তদন্ত শেষ হয়েছে। তদন্ত প্রতিবেদনে ওই ঘটনার জন্য ন্যাটো ও পাকিস্তানি উভয় বাহিনীকে দায়ী করা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ন্যাটো এ কথা জানিয়েছে।ন্যাটো জানায়, তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে অভিযানের সুনির্দিষ্ট স্থান নিরূপণ ও তৎপরতা চালানোর বিষয়ে উভয় পক্ষ বেশ কয়েকটি ভুল করেছে। প্রতিবেদনে বলা হয়, প্রথম দিকে আফগান ও ন্যাটোর নেতৃত্বাধীন বাহিনী ‘অজ্ঞাত বাহিনীর’ আক্রমণের শিকার হয়ে যৌক্তিকভাবেই পাল্টা জবাব দেয়। ওই সময় ‘অজ্ঞাত বাহিনীকে’ পাকিস্তানি বাহিনী বলে মনে হয়নি। এতে আরও বলা হয়, যৌথ বাহিনী জেনেশুনে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা করেনি।ন্যাটো জানায়, তদন্তে প্রমাণিত হয়েছে যে সালালা অঞ্চলে পাকিস্তানি বাহিনীর ছোড়া মর্টার ও মেশিনগানের গুলির তীব্রতার মুখে আত্মরক্ষার জন্যই খুব কাছ থেকে ওই বিমান হামলা চালানো হয়। এএফপি।