বার্ড ফ্লু ভাইরাস ধরা পড়ায় গতকাল বুধবার অস্ট্রেলিয়া ২৪ হাজার হাঁস মেরে ফেলেছে। এর ফলে এশিয়ার কয়েকটি দেশ অস্ট্রেলিয়া থেকে হাঁস-মুরগি আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এতে অস্ট্রেলিয়ার পোলট্রি শিল্প বড় ধাক্কা খাবে বলে ধারণা করা হচ্ছে।অস্ট্রেলিয়ান চিকেন ফাউন্ডেশন বলেছে, ভিক্টোরিয়া প্রদেশের দুটি খামারে এভিয়েন ইনফ্লুয়েঞ্জার ভাইরাস ধরা পড়ার পর তারা ২৪ হাজার হাঁস মেরে ফেলেছে। অস্ট্রেলিয়ান চিকেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যান্দ্রেস দাবস বলেছেন, হাঁসে এভিয়েন ইনফ্লুয়েঞ্জার ভাইরাস ধরা পড়ায় জাপান অস্ট্রেলিয়া থেকে সব হাঁস-মুরগি সাময়িকভাবে আমদানি বন্ধ করেছে। এ ছাড়া হংকংও অস্ট্রেলিয়া থেকে হাঁস-মুরগি আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে কিছুদিনের মধ্যে জাপান আবারও অস্ট্রেলিয়া থেকে হাঁস-মুরগি আমদানি শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অ্যান্দ্রেস দাবস আরও বলেন, হাঁসে বার্ড ফ্লুর ভাইরাস ধরা পড়লেও মুরগিতে এখন ফ্লু ধরা পড়েনি। অন্য কোথাও এখনো বার্ড ফ্লুর ভাইরাস ধরা পড়েনি জানিয়ে তিনি বলেন, খামারগুলোতে নিয়মিত পরীক্ষা করা হচ্ছে।দাবস আরও বলেন, এ রোগ মুরগিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে মানুষের স্বাস্থ্যের প্রতি ঝুঁকি নেই। এএফপি।