২৫ বছর পর পর্দা নামল অপরাহ উইনফ্রে শোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হয়ে গেল দুনিয়া-মাতানো টক শো ‘দ্য অপরাহ উইনফ্রে শো’। ২৫ বছর ধরে এই টেলিভিশন অনুষ্ঠান আবিষ্ট করে রেখেছিল মার্কিন এবং গোটা দুনিয়ার দর্শকদের। এই এক অনুষ্ঠান উপস্থাপনা করে মিসিসিপির দরিদ্র পরিবারের সন্তান অপরাহ উইনফ্রে এখন যুক্তরাষ্ট্রের একমাত্র নারী বিলিয়নিয়ার; বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি।দীর্ঘ এক পরিভ্রমণ শেষে গত বুধবার তিনি পর্দা টেনে দিলেন দ্য অপরাহ উইনফ্রে শো’র। এই অনুষ্ঠানের জন্য তিনি আর কোনো দিন ক্যামেরার সামনে দাঁড়াবেন না, যে অনুষ্ঠান দেখতে প্রতি সপ্তাহে টেলিভিশনের সামনে বসত চার কোটি আমেরিকান। বিশ্বজুড়ে ১৫০টি দেশে দেখানো হতো এটি। সব মিলিয়ে দর্শকসংখ্যা কত হবে, তা হিসাবের বাইরে।শেষ অনুষ্ঠানের জন্য ক্যামেরার সামনে আবেগাপ্লুত হয়ে পড়েন অপরাহ। দু-চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রুধারা। তিনি বলেন, ‘আমি চিরবিদায় বলতে চাই না, বরং বলব, আবার দেখা না হওয়া পর্যন্ত বিদায়।’২৫ বছর ধরে এই অনুষ্ঠানকে তিনি নিজের ‘জীবনের এক ভ্রমণ’ বলে অভিহিত করেন। অপরাহ বলেন, ‘১৯৫৪ সালে মিসিসিপির একটি দরিদ্র পরিবারে আমার জীবন যখন শুরু হয়, তখন একটি কৃষ্ণাঙ্গ মেয়ে বড়জোর কারও বাড়ির কাজের মেয়ে বা পাড়াগায়ের স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত পারত। সেই আমি আজ এখানে পৌঁছেছি।’বিশ্বজুড়ে কোটি কোটি দর্শককে কৃতজ্ঞতা জানিয়ে অপরাহ বলেন, ‘আপনাদের নামটি পর্যন্ত আমি কোনো দিন জানতে পারব না, কিন্তু সেই আপনাদের কাছে আমি জেনেছি, ভালোবাসা কী। আপনার আর আমার এই অনুষ্ঠান আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা।’ এএফপি।