২৫ বছর পর মিয়ানমারকে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার দ্বিতীয় দরিদ্রতম দেশ মিয়ানমারের জন্য ২৫ বছরের মধ্যে এই প্রথমবারের মতো মঞ্জুরি-সহায়তা ও ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। দেশটিকে আট কোটি মার্কিন ডলার ঋণ দেবে যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংস্থাটি। গতকাল শুক্রবার বিশ্বব্যাংক এ কথা জানিয়েছে। ঋণের অর্থ মিয়ানমারের রাস্তাঘাট, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে বলে বিশ্বব্যাংক জানিয়েছে। মিয়ানমারের বর্তমান সরকার দেশটিতে অর্থনীতি ও রাজনীতিসহ বিভিন্ন খাতে সংস্কারকাজ শুরুর পর বিশ্বব্যাংক এই ঋণ অনুমোদন দিল। দেশটিকে ঋণ দেওয়াসহ অন্যান্য ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞাগুলো গত মাসে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়োং কিম এক বিবৃতিতে বলেছেন, ‘মিয়ানমারের সংস্কার কার্যক্রমে আমি উচ্ছ্বসিত। আমি দেশটির সরকারকে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে অনুরোধ করছি।’ এদিকে ব্যাংকটির পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক ভাইস প্রেসিডেন্ট পামেলা কক্স এক সংবাদ সম্মেলনে বলেছেন, মিয়ানমার তার বকেয়া ঋণগুলো শোধ করার পর দেশটিকে আরও সাড়ে ১৬ কোটি ডলার দেওয়া হবে। এই তহবিল কীভাবে অনুমোদন দেওয়া যেতে পারে তা নিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই দুই পক্ষের আলোচনা হবে। ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, দেশটির সব মানুষ, বিশেষ করে দরিদ্র ও দুস্থদের জন্য সহযোগিতার দ্বার উন্মোচন করাই বিশ্বব্যাংকের লক্ষ্য। ২০১০ সালের নভেম্বরে নির্বাচনের পর দেশটিতে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ নির্বাচনের মধ্য দিয়ে দেশটির সামরিক জান্তার পরিবর্তে সেনাবাহিনী-সমর্থিত একটি সরকার দায়িত্ব গ্রহণ করে। এ সরকার বহু রাজনৈতিক বন্দীকে মুক্তি ও তাঁদের ওপর থেকে নানা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে মুক্তি দেওয়া হয়। বিবিসি।