২৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে গন্তব্যে সৌরচালিত বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের তৈরি সৌরচালিত বিমানটি সফলভাবে মরক্কোর রাজধানী রাবাত থেকে উড্ডয়ন করে দেশটির মরুভূমি অধ্যুষিত এলাকা ওয়ারজাজাতে অবতরণ করেছে।বিমানটি গত বৃহস্পতিবার রাবাত থেকে উড্ডয়ন করে। বিশাল মরুভূমি এলাকা পাড়ি দিয়ে গতকাল শুক্রবার ভোরে এটি ওয়ারজাজাতে অবতরণে সক্ষম হয়। এই পথ অতিক্রমের মাধ্যমে আরও একবার বিমানটি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সফল দৃষ্টান্ত তুলে ধরল।মরক্কোর রাজধানী থেকে ওয়ারজাজাতের দূরত্ব ৫৫০ কিলোমিটার। ওই পথ অতিক্রম করতে বিমানটির লেগেছে সাড়ে ১৭ ঘণ্টার কিছু বেশি সময়।এর আগে গত সপ্তাহে বিশাল আকৃতির সৌরচালিত এই বিমান একই দূরত্ব অতিক্রমের চেষ্টা করে ব্যর্থ হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে।পাইলট এন্ড্রু বোরচবার্গ বিমানটি অবতরণের আগে ককপিট থেকে স্যাটেলাইট টেলিফোনের মাধ্যমে বলেন, ‘আরও একবার, এটি ছিল চমকপ্রদ উড্ডয়ন। আবহাওয়া চমৎকার। আমি নিরাপদেই অবতরণের ব্যাপারে আশাবাদী।’বিমানটি চালিয়ে পাইলট বোরচবার্গ মাতৃভূমি সুইজারল্যান্ড থেকে প্রথমে স্পেন, এরপর মরক্কোয় আসেন। এটি ছিল সৌরচালিত এই বিমানের ভ্রমণের শেষ ধাপ। এটাই প্রথম কোনো বিমানের দীর্ঘ যাত্রা, যা কোনো জ্বালানি ছাড়াই দুই মহাদেশ পাড়ি দিল।বোরচবার্গ বলেন, ‘আমাদের এই দীর্ঘ বিমানভ্রমণ প্রমাণ করেছে, জ্বালানি সাশ্রয়ের আরও উপায় রয়েছে। এর মাধ্যমে পরিবেশ ও পৃথিবীকে রক্ষা করা সম্ভব।’যাত্রার শেষ ধাপে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে মরক্কোর বন্দরনগর কাসাব্লাঙ্কার উদ্দেশে যখন সৌরচালিত এই বিমান উড্ডয়ন করছিল, তখন এর গতি ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার।বিমানটি উড্ডয়নের শেষ ধাপে মরক্কোর যে জায়গাটিতে অবতরণ করেছে, সেই ওয়ারজাজাতে বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছেন মরক্কোর নীতিনির্ধারকেরা।মরক্কোয় বিমান উড্ডয়নের এই কর্মসূচির যৌথ আয়োজক সুইস সোলার ইমপালস কোম্পানি ও মরক্কান এজেন্সি ফর সোলার এনার্জি।সৌরচালিত এই বিমান স্পেনের মাদ্রিদ থেকে মরক্কোর রাবাত পর্যন্ত দুই হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। সময়ের বিবেচনায়ও এটি দীর্ঘ বিমান উড্ডয়ন। এএফপি।