আইসল্যান্ডের গ্রিমসভোটন আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইমেঘের কারণে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের অধিকাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। ইউরোপের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার তথ্য, এদিন ২৫২টি ফ্লাইট বাতিল করে আয়ারল্যান্ড, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশ। এতে হাজার হাজার বিমানযাত্রী এখন দুর্ভোগের মুখে পড়েছেন।ইউরোপের আকাশ ছাইমেঘে ঢেকে যেতে শুরু করায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরসূচি পরিবর্তন করা হয়েছে। নির্ধারিত সূচির একদিন আগেই গত সোমবার রাতে তিনি আয়ারল্যান্ড ত্যাগ করেন। কাল বৃহস্পতিবার ফ্রান্সে শিল্পোন্নত আটটি দেশের শীর্ষ সম্মেলনে তাঁর যোগ দেওয়ার কথা। তবে ছাইমেঘ আরও দক্ষিণে বিস্তৃত হলে এই সম্মেলনও বাধার মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।গত শনিবার আইসল্যান্ডের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি গ্রিমসভোটনে উদিগরণ শুরু হয়। এতে ধোঁয়া ও ছাই আকাশে প্রায় ২০ কিলোমিটার ওপরে উঠে ছড়িয়ে পড়তে শুরু করে।স্কটল্যান্ডের আকাশ ছাইমেঘে ঢেকে যাওয়ায় ব্রিটিশ এয়ারওয়েজ লন্ডন থেকে স্কটল্যান্ডগামী ফ্লাইট বাতিল করেছে। ডাচ এয়ারলাইন কেএলএম ও আইরিশ বিমান কর্তৃপক্ষও ফ্লাইট বাতিল করেছে। এএফপি ও বিবিসি।