পাকিস্তানের একটি কারাগারে হামলা চালিয়ে আড়াই শর বেশি বন্দীকে মুক্ত করে নিয়ে গেছে তালেবান জঙ্গিরা। গত সোমবার দিবাগত রাতের ওই হামলায় পুলিশের ছয় কর্মকর্তাসহ অন্তত ১২ জন নিহত হন। খাইবার পাখতুন খাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান শহরের ওই কারাগারে হামলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) অন্তত ১০০ জন জঙ্গি অংশ নেয়। জঙ্গিদের অনেকের পরনে ছিল পুলিশের পোশাক। তারা প্রথমে কারাগারের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে। পরে বিস্ফোরণ ঘটিয়ে কারাগারটির বাইরের প্রাচীরের একাংশ উড়িয়ে দেয়। তারা মাইকে বন্দী তালেবান জঙ্গি ও অন্যান্য নিষিদ্ধঘোষিত গোষ্ঠীর সদস্যদের নাম ধরে ডেকে ডেকে বেরিয়ে আসার আহ্বান জানায়। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে জঙ্গিদের ভয়াবহ সংঘর্ষ হয়। কয়েক ঘণ্টার সংঘর্ষে তালেবান জঙ্গিরা মেশিনগানসহ আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড ব্যবহার করে। ঘটনাস্থল থেকে প্রাদেশিক কারাপ্রধান খালিদ আব্বাস রয়টার্সকে বলেন, ‘হঠাৎ সবকিছু অন্ধকারে ঢেকে যায়। আমরা কিছু বুঝে ওঠার আগেই ভয়াবহ বিস্ফোরণের শব্দ হয়। গুলির শব্দ শোনা যায়।’আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ভোরের দিকে দুই পক্ষের সংঘর্ষ থামে। পরে শহরে কারফিউ জারি করা হয়। খাইবার পাখতুন খাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘এই কারাগারে পাঁচ হাজারের মতো বন্দী ছিল। এটি অত্যন্ত সুরক্ষিত। এর পরও জঙ্গিরা কীভাবে দূরের উপজাতীয় এলাকা থেকে এসে হামলা চালিয়ে বন্দীদের মুক্ত করে নিয়ে গেল, তা তদন্ত করে দেখা হবে।’আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মী বলেন, জঙ্গিরা হামলা চালাতে পারে—প্রায় দুই সপ্তাহ আগেই এমন হুঁশিয়ারি পাওয়া গিয়েছিল। পাকিস্তানি তালেবান জানিয়েছে, তারা ১০০ জন যোদ্ধার একটি দল ওই কারাগারে পাঠিয়েছিল। দলটিতে সাতজন আত্মঘাতী হামলাকারী ছিল। শহরের কমিশনার মুস্তাক জাদুন বলেছেন, ২৫৩ জন বন্দী পালিয়ে গেছে। তারা সবাই পাকিস্তানি তালেবান ও নিষিদ্ধঘোষিত সুন্নি গোষ্ঠী লস্কর-ই-জাংভির সদস্য। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে ৩৫ জন শীর্ষ জঙ্গি ছিল। কারা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন শিয়া বন্দী রয়েছে। জঙ্গিরা তাদের জবাই করেছে। তালেবানের একজন জ্যেষ্ঠ মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, তালেবান কমান্ডার আদনান রশিদ এই হামলার মূল পরিকল্পনাকারী। গত বছর একই ধরনের হামলা চালিয়ে উত্তরাঞ্চলীয় বানু শহরের কারাগার থেকে তাঁকে তালেবান জঙ্গিরা মুক্ত করেছিল। এএফপি, রয়টার্স ও বিবিসি।