ইরাকের নিরাপত্তা বাহিনী ও শিয়া মিলিশিয়ারা অন্তত ২৫৫ জন সুন্নি বন্দীকে নির্মমভাবে হত্যা করেছে। গত মাসে সুন্নি জিহাদিদের হামলার মুখে বিভিন্ন এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় তারা ওই হত্যাকাণ্ড ঘটায় বলে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে। খবর এএফপির।
গত শুক্রবার প্রকাশিত নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এইচআরডব্লিউর এক বিবৃতিতে বলা হয়, গত ৯ জুন থেকে এ পর্যন্ত ইরাকের নিরাপত্তা বাহিনী ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠ শিয়া মিলিশিয়ারা অন্তত ২৫৫ জন বন্দীকে হত্যা করেছে। বিচারববির্ভূত এই হত্যাকাণ্ড যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের নিদর্শন হতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, গত মাসে ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (আইএসআইএল) জঙ্গিদের তৎপরতা বৃদ্ধির প্রতিশোধ হিসেবে ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা থেকে বেরিয়ে আসা আইএসআইএলের জঙ্গিরা গত মাসে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলসহ বিভিন্ন এলাকা থেকে সরকারি বাহিনীকে হটিয়ে দেয়।
এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, বন্দীদের গুলি করে হত্যা করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। বিশ্ব আইএসআইএলের জঙ্গিদের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে সরকার ও সরকারপন্থী বাহিনীগুলো যে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড চালাচ্ছে, তা না দেখার ভান করা ঠিক হবে না।
মানবাধিকার গ্রুপটি জানায়, তারা গত মাসে মসুল শহরের পাশাপাশি তাল আফার, জুমারকি ও রাবা এলাকার বিভিন্ন শহর ও গ্রামে সংঘটিত হত্যাকাণ্ডের তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে। একটি এলাকায় কয়েক ডজন বন্দীকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। আবার বন্দীদের কারাকক্ষে গ্রেনেড ছুড়ে মারার ঘটনা ঘটেছে দুটি। এসব ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে এইচআরডব্লিউ।