২৬ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল
মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরু করার শর্ত হিসেবে ইসরায়েলের কারাগারে বন্দী ২৬ ফিলিস্তিনিকে আজ বুধবার ভোরে মুক্তি দিয়েছে দেশটির সরকার। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
বন্দীদের অনেকে ইসরায়েলের কারাগারে ২০ বছর ধরে আটক ছিলেন। মুক্তি পাওয়ার পর তাঁরা বাসে করে পশ্চিমতীর ও গাজা দিয়ে ফিলিস্তিনে প্রবেশ করেন। পশ্চিমতীরে মুক্তি পাওয়া ১১ জনকে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজা দিয়ে প্রবেশ করা ১৫ জনকে তাঁদের স্বজনেরা বরণ করে নেন।
দীর্ঘ তিন বছর ধরে ঝুলে থাকার পর আজ পবিত্র নগর জেরুজালেমে ফিলিস্তিন ও ইসরায়েল আবার শান্তি আলোচনায় বসতে যাচ্ছে। এ আলোচনার মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। শান্তি আলোচনায় বসার অন্যতম শর্ত ছিল ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি। ইসরায়েলের কারাগারে বন্দী ১০৪ জন ফিলিস্তিনিকে চার দফায় মুক্তি দেবে দেশটি।
কেবল বন্দী বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা হ্রাস পাবে কি না, এ বিষয়ে সংশয় রয়েছে। কেননা সম্প্রতি পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে নতুন করে বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এ নিয়ে দুই দেশের মধ্যে আবার উত্তেজনা বেড়েছে।