২৬ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনার অংশ হিসেবে আজ বুধবার সকালে ২৬ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এদের মধ্যে ২১ জন পশ্চিমতীর ও পাঁচজন গাজা সীমান্ত দিয়ে আজ ভোরে ফিলিস্তিনে প্রবেশ করে। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।

খবরে বলা হয়, দুই দেশের মধ্যে চলমান শান্তি আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের চার দফায় মুক্তি দেওয়ার কথা তেল আবিবের। এর অংশ হিসেবে চলতি বছরের আগস্ট মাসে প্রথম দফায় ২৬ বন্দীকে মুক্তি দেওয়া হয়। দুই মাস পর আজ আবারও দ্বিতীয় দফায় ২৬ জনকে মুক্তি দেওয়া হলো।

বন্দীদের মুক্তি দেওয়ায় ফিলিস্তিনবাসী আনন্দিত হলেও ইসরায়েলিরা এ উদ্যোগকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। ইসরায়েলিদের দাবি, মুক্তি পাওয়া বন্দীরা ‘ভয়াবহ অপরাধ’ ঘটাচ্ছে।

ইসরায়েলের কারাগারে আটক আরও ১০৪ জন বন্দীকে শিগগিরই মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।