তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর গতকাল সোমবার পর্যন্ত ২৬৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বিধ্বস্ত বাড়িঘরে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোয়ান ভূমিকম্প-দুর্গত ভন প্রদেশ সফর করেছেন। গত রোববার কুর্দি-অধ্যুষিত এ প্রদেশে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।ভূমিকম্পে বিধ্বস্ত বাড়িঘরের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী ইদ্রিস নাইম শাহীন জানান, ভূমিকম্পে প্রায় ২৬৫ জন নিহত এবং এক হাজার ১৪০ জন আহত হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভূমিকম্পে আরসিস নগর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে এখানে প্রায় এক হাজার বাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, ৯৭০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, তল্লাশি ও উদ্ধারকর্মীরা বিধ্বস্ত ভবনের ভেতর থেকে মৃতদেহ বের করে আনছেন। রাতের বেলায় ফ্লাডলাইটের আলোতে তাঁদের কাজ করতে দেখা যায়।ভনের মেয়র বেকির কায়া বলেন, ‘লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। টেলিযোগাযোগ-ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা কারও সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’ভনের ইউজুনচি ইল ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির চার হাজারের বেশি শিক্ষার্থীকে নিজ নিজ শহরে পাঠানো হয়েছে। অন্যদিকে আরসিসের একটি ছাত্রাবাস ও শিক্ষার্থীরা থাকে এ রকম কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে অনেক শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।গণমাধ্যমের খবরে বলা হয়, ভূমিকম্পে একটি কারাভবন ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে প্রায় ২০০ বন্দী পালিয়ে যায়। পরে অবশ্য তাদের মধ্যে ৫০ জন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে আবার ফিরে আসে।আরসিসের একজন বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে অনেক মানুষ নিহত হয়েছে। আমি নিজে তিন থেকে চারটি মৃতদেহ দেখেছি।’হাজারো মানুষ তীব্র ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে। ঠান্ডা থেকে বাঁচতে তাদের আগুন জ্বালিয়ে রাখতে দেখা যায়।তল্লাশি ও উদ্ধারকাজের জন্য ৩৮টি শহর থেকে প্রায় এক হাজার ২৭৫টি তল্লাশি ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। সেনাবাহিনীর ছয়টি ব্যাটালিয়ন তল্লাশি ও উদ্ধার-তৎপরতা চালাচ্ছে।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়, প্রায় দুই হাজার ৪০০ জন উদ্ধারকর্মী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। ৬৮০ জন চিকিৎসাকর্মী, সাতটি এয়ার অ্যাম্বুলেন্সসহ ১০৮টি অ্যাম্বুলেন্স ও ১২টি উদ্ধারকারী কুকুর পাঠানো হয়েছে ভূমিকম্প-দুর্গত এলাকায়।তাঁবু, খাবার ও ওষুধ নিয়ে কয়েকটি সি-১৩০ সামরিক মালবাহী বিমানও পাঠানো হয়েছে ভূমিকম্প-দুর্গত এলাকায়।এরই মধ্যে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পাঠিয়েছে ইরানের রেডক্রস। দুর্গত এলাকায় একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করবে তারা। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ কথা জানায়। এএফপি।