২৭ বছর বয়সে পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেবাস্তিয়ান কুর্জ
সেবাস্তিয়ান কুর্জ

অস্ট্রিয়ার নতুন জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সেবাস্তিয়ান কুর্জ। ইউরোপের সবচেয়ে কনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইতিমধ্যে তিনি নাম লিখিয়েছেন। গত সোমবার তিনি নতুন জোট সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন। অস্ট্রিয়ার প্রেসিডেন্ট হেইঞ্জ ফিশার ১২ জনকে নতুন মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। সেবাস্তিয়ান এর আগে ইনটিগ্রেশন-বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
অস্ট্রিয়ার ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাটস ও রক্ষণশীল পিপলস পার্টির জোট গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়।
সেবাস্তিয়ান পিপলস পার্টির উদীয়মান তারকা। এর আগে ইনটিগ্রেশন-বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মুসলিম অভিবাসীদের সঙ্গে কাজ করে সুনাম কুড়িয়েছিলেন তিনি। অভিবাসীদের অস্ট্রিয়ার সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়ানোর নীতি অনুসরণ করেছিলেন তিনি। অভিবাসী শিশুদের স্কুলে ভর্তির আগে জার্মান ভাষা শেখার ওপরও জোর দিয়েছিলেন। আর মুসলিম ধর্মীয় নেতাদের জন্য বিনা মূল্যে ভাষা শিক্ষার ক্লাসের ব্যবস্থা করেছিলেন। ইসলাম বিষয়ে আলোচনার জন্য একটি ফোরামেরও উদ্বোধন করেন।

এই জোট আগামী পাঁচ বছর দেশ পরিচালনার জন্য জনগণের সমর্থন পেয়েছে সত্য, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এবারই সবচেয়ে বাজে ফলাফল করেছে। দুর্নীতির অভিযোগের কারণে ভোটাররা জোটের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বিবিসি।