২৭২ জনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনে বিধ্বস্ত মালয়েশিয়ার উড়োজাহাজ
ইউক্রেনে বিধ্বস্ত মালয়েশিয়ার উড়োজাহাজ

ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত মালয়েশিয়া এয়ার–লাইনসের আরোহীদের মধ্যে ২৭২ জনের লাশ গতকাল সোমবার পর্যন্ত উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজটিতে ১৫ জন ক্রুসহ মোট আরোহী ছিলেন ২৯৮ জন। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
উদ্ধার করা লাশগুলো ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা তোরেজ শহরেই আছে বলে জানা গেছে। আগের দিন অভিযোগ পাওয়া গিয়েছিল, লাশ সরিয়ে ফেলছে বিচ্ছিন্নতাবাদীরা। এ ছাড়া বিদ্রোহীরা লাশ খারখিব শহরে নিয়ে যেতে অনুমতি দিয়েছে। সেখান থেকে লাশ বিমানে নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হবে। বিদ্রোহীরা বিমানটির ব্ল্যাক বক্স হস্তান্তরেও সম্মত হয়েছে বলে গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক জানিয়েছেন।
উড়োজাহাজের মূল ধ্বংসস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত তোরেজ শহরে দুই শতাধিক লাশ আছে রেলওয়ের শীতাতপনিয়ন্ত্রিত ওয়াগনের মধ্যে। নেদারল্যান্ডস থেকে যাওয়া তিনজন ফরেনসিক বিশেষজ্ঞ গতকাল সেখানে পৌঁছেছেন। তাঁরা মুখে মাস্ক ও মাথায় লাইট বেঁধে ট্রেনের ওয়াগনের মধ্য ঢুকে লাশগুলো পরীক্ষা করে দেখেন। এ সময় বাইরে অস্ত্র হাতে পাহারায় ছিলেন দুই শতাধিক বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা।
নেদারল্যান্ডসের বিশেষজ্ঞ দলের প্রধান পিটার ভন ভেলিট বলেন, ‘আমার মনে হয়, ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত কামরায় লাশগুলো ভালোই আছে।’
নেদারল্যান্ডসের আমস্টারডাম শহর থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাওয়ার সময় গত বৃহস্পতিবার উড়োজাহাজটি বিধ্বস্ত হয় ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের আঘাতেই ভূপাতিত হয় উড়োজাহাজ-টি। এর মোট ২৯৮ জন আরোহীর মধ্যে ১৯৩ জনই ছিলেন নেদারল্যান্ডসের নাগরিক। মালয়েশিয়ার নাগরিক ছিলেন ৪৩ জন। বািকরা আরও ১০টি দেশের নাগরিক।
ঘটনার পর থেকে লাশ উদ্ধার ও তদন্তকাজে বাধা এবং আলামত ধ্বংসের অভিযোগ পাওয়া যাচ্ছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তে গতকাল সে দেশের পার্লামেন্টে বলেছেন, ঘটনাস্থলে যদি সন্তোষজনক সহযোগিতা না পাওয়া যায়, তাহলে রাজনৈতিক ও অর্থনৈতিক সব ধরনের পদক্ষেপের কথা বিবেচনা করা হবে। তিনি বলেন, ‘আমরা আমাদের মানুষদের (লাশ) ফিরে পেতে চাই।’
নেদারল্যান্ডসের রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানি ম্যাক্সিমার গতকাল তাঁদের দেশের নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল।
মালয়েশিয়া থেকে ১৩৩ জনের একটি দল ইউক্রেনে পৌঁছেছে। এতে আছেন তল্লাশি ও উদ্ধারকর্মী এবং ফরেনসিক, কারিগরি ও চিকিৎসা বিশেষজ্ঞরা। বিমান দুর্ঘটনা তদন্তে বিশেষজ্ঞদের একটি ব্রিটিশ ও একটি জার্মান দলও ইউক্রেনে পৌঁছেছে।
তবে ইউক্রেনের সরকার বলছে, বিভিন্ন দেশ থেকে আসা বিশেষজ্ঞদের মূল ঘটনাস্থলে নিরাপদে পৌঁছে দেওয়ার কাজটি সহজে করা যাচ্ছে না। বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা এতে বাধা দিচ্ছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিউক গতকাল বলেছেন, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক যে তদন্ত হবে তাতে নেদারল্যান্ডসেরই নেতৃত্ব দেওয়া উচিত। কেননা, এই ঘটনায় সবচেয়ে বেশি নিহত হয়েছে তাদের দেশেরই মানুষ।
ইউক্রেন সরকার ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ছোড়া ক্ষেপণাস্ত্রেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ওই ক্ষেপণাস্ত্র রাশিয়ারই সরবরাহ করা। বিষয়টি যাতে ধরা পড়ে না যায়, সে জন্যই বিচ্ছিন্নতাবাদীরা আন্তর্জাতিক তদন্তকারী ও বিশেষজ্ঞদের ঘটনাস্থলে যেতে বাধা দিচ্ছে এবং তথ্যপ্রমাণ নষ্ট করে ফেলছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ভয়ংকর ওই ঘটনার দায় রাশিয়া এড়াতে পারে না। বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাশিয়ারই।
ইউক্রেন সরকার, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের দিক থেকে যেসব অভিযোগ তোলা হচ্ছে তা অস্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা ও রাশিয়ার সরকার। তারা বলছে, যে ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়োজাহাজটি ভূপাতিত হয়েছে তা ছুড়েছিল ইউক্রেনের সরকারি বাহিনী।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বলেন, ‘এ কথা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি, গত ২৮ জুন ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সরকারি বাহিনী যদি অভিযান শুরু না করত তাহলে আজকের এই অবস্থা ঘটত না।’ উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনার সুষ্ঠু আন্তর্জাতিক তদন্ত দাবি করে পুতিন বলেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অবশ্যই ওই অঞ্চলের নিরাপদ প্রবেশাধিকার দেওয়া উচিত।
আর ঘটনার নিন্দা ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের ওপর গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হওয়ার কথা ছিল। প্রস্তাবের খসড়া প্রস্তুত করেছে অস্ট্রেলিয়া।