২৯০০ বন্দীকে মুক্তি দেবে কিউবা সরকার
কিউবা সরকার মানবিক কারণে সাধারণ ক্ষমার আওতায় আগামী দিনগুলোতে দুই হাজার ৯০০ বন্দীকে মুক্তি দেবে বলে জানিয়েছে। দেশটির কর্মকর্তারা গত শুক্রবার এ তথ্য জানান। আগামী বসন্তে পোপ ষোড়শ বেনেডিক্টের সফর উপলক্ষে দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। যেসব বন্দীকে মুক্তি দেওয়া হবে, তাঁদের মধ্যে ২৫টি দেশের ৮৬ জন নাগরিক রয়েছেন। তবে কারাবন্দী মার্কিন নাগরিক অ্যালেন গ্রসকে এ দফায় মুক্তি দেওয়া হচ্ছে না। মার্কিন গোপন মিশনের আওতায় দেশটিতে ইন্টারনেট-অবকাঠামো নির্মাণের অভিযোগে গ্রসকে (৬২) ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এতে কিউবা-মার্কিন সম্পর্কের অবনতি ঘটে। কিউবার সরকার জানিয়েছে, দেশটির ক্ষমতাসীন কাউন্সিল বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো আইনসভায় পৃথক এক ঘোষণায় বলেছেন, পোপের আগমন ও অনুরোধ এবং কিউবার রোমান ক্যাথলিক চার্চের কর্মকর্তা ও কারাবন্দীদের পরিবারের সদস্যদের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এ সিদ্ধান্তকে কিউবা বিপ্লবের মহানুভবতা ও শক্তি বলে অভিহিত করেন।এর আগে ২০১০ সালে কিউবা সরকার প্রায় ১০০ রাজবন্দীকে মুক্তি দেয়। এএফপি ও রয়টার্স।