ফিলিপাইনে প্রলয়ংকরী টাইফুনের তাণ্ডবের পর ত্রাণ তৎপরতার জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে ৩০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ। ত্রাণ সরবরাহের গতি বাড়াতে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো।
এদিকে দুর্গত মানুষকে সহায়তা দিতে বিভিন্ন দেশ এগিয়ে এসেছে। ত্রাণ তৎপরতায় সাহায্য করতে ফিলিপাইনের দিকে রওনা হয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রণতরির বহর।
নজিরবিহীন এই প্রাকৃতিক বিপর্যয়ের চার দিন পর গতকাল মঙ্গলবারও শত শত গ্রাম ও শহরে পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা। আর সবকিছু হারিয়ে লাখো মানুষ ত্রাণের আশায় প্রতীক্ষা করছে। হাজারো মানুষের এখনো জোটেনি খাদ্য, পানি ও প্রয়োজনীয় ওষুধ। সব মিলিয়ে প্রায় এক কোটি মানুষ ঝড়ের তাণ্ডবের শিকার হয়েছে বলে মনে করা হচ্ছে।
জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান ভ্যালেরি অ্যামোস গতকাল বলেন, ‘আমরা ৩০ কোটি ১০ লাখ ডলার তহবিল সংগ্রহের পরিকল্পনা নিয়েছি। এ পরিকল্পনায় দুর্গত লোকজনের খাদ্য, স্বাস্থ্য, পয়ঃসুবিধা, আশ্রয় নির্মাণ ও ধ্বংসস্তূপ অপসারণ এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোকজনকে রক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। আমি আশা করছি, দাতারা সহায়তার হাত বাড়িয়ে দেবেন।’
গত শুক্রবার সুপার টাইফুন হাইয়ানের আঘাতে শুধু উপকূলীয় লেইতি প্রদেশের তাকলোবান শহরেই ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সারা দেশে প্রাণহানির সংখ্যা অনেক বেশি হবে।
যোগাযোগব্যবস্থা বিছিন্ন হয়ে পড়ায় গতকাল পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলের কয়েক শ শহর ও গ্রামে উদ্ধারকর্মীরা পৌঁছাতে সক্ষম হননি। সেসব অঞ্চলে কত মানুষের মৃত্যু হয়েছে, এ বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল রোক্সাস জানিয়েছেন, হাইয়ানের ছোবলে তাকলোবান প্রশাসন গুঁড়িয়ে গেছে। সরকারি কর্মকর্তাদের বেশির ভাগই নিহত কিংবা নিখোঁজ রয়েছেন। শহরের ২৯৩ পুলিশ সদস্যের মধ্যে মাত্র ২০ জনকে পাওয়া গেছে।
পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে দাবি করে মন্ত্রী জানান, নতুন করে লুটপাট হয়নি। তাকলোবান শহরের বিধ্বস্ত বিমানবন্দর এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছাচ্ছে। সেখান থেকে প্রতিদিন অন্তত ৫০ হাজার প্যাকেট খাবার সরবরাহ করা হচ্ছে।
জাতিসংঘ জানিয়েছে, স্মরণকালের ভয়াবহতম এই টাইফুনের তাণ্ডবে ফিলিপাইনের অন্তত ছয় লাখ ৬০ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।
ত্রাণ সহায়তা: অস্ট্রেলিয়া এক কোটি ডলার ত্রাণ সহায়তা ঘোষণা করেছে। দেশটি চিকিৎসকদের দল, মশারিসহ নানা পণ্য পাঠাচ্ছে। যুক্তরাজ্য দিচ্ছে এক কোটি ৬০ লাখ ডলার সহায়তা। পাঁচ লাখ দুর্গত মানুষের জন্য অস্থায়ী আবাসন তৈরি ও পানীয় জল সরবরাহসহ বিভিন্ন কাজে ত্রাণ সহায়তা করবে যুক্তরাজ্য। নিউজিল্যান্ড দেবে ১৭ লাখ ডলার। জাপান পাঠাচ্ছে শক্তিশালী জরুরি চিকিৎসা সহায়তা দল। ইন্দোনেশিয়াও যুদ্ধবিমান, ত্রাণকর্মী, বিশুদ্ধ পানি, খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পাঠাচ্ছে।
যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে দুই কোটি ডলার সহায়তা ঘোষণা করেছে। এ ছাড়া ত্রাণসামগ্রী নিয়ে মার্কিন রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটনসহ কয়েকটি জাহাজ গতকাল ফিলিপাইনের উদ্দেশে যাত্রা করেছে। পেন্টাগন জানিয়েছে, জাহাজগুলো দুই-তিন দিনের মধ্যে ফিলিপাইনে পৌঁছাবে। জর্জ ওয়াশিংটনে পাঁচ হাজার সেনা ও ৮০টি বিমান রয়েছে। বহরে নৌবাহিনীর আরও চারটি জাহাজ রয়েছে।
বিশুদ্ধ খাওয়ার পানিসহ ত্রাণসামগ্রী নিয়ে যুক্তরাজ্যের একটি যুদ্ধজাহাজও ফিলিপাইনের উদ্দেশে গতকাল যাত্রা শুরু করেছে। এইচএমএস ডেয়ারিং নামের যুদ্ধজাহাজটি সিঙ্গাপুর থেকে যাত্রা শুরু করেছে। দুই-এক দিনের মধ্যে সেটি ফিলিপাইনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
ইউরোপীয় কমিশন এক কোটি ১০ লাখ ডলার সহায়তা ঘোষণা করেছে। চীন এক লাখ ডলার এবং দেশটির রেডক্রস আরও এক লাখ ডলার সহায়তা দিচ্ছে। চীনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে বলা হয়েছে, ফিলিপাইনের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ থাকলেও টাইফুনে ক্ষতিগ্রস্ত দেশটিকে মানবিক কারণে সহায়তা দেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনও অর্থ-সহায়তা পাঠাচ্ছে।
শুক্রবার ভোরে বিশ্বে এ বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ফিলিপাইনের উপকূলীয় প্রদেশ সামার ও লেইতিতে আঘাত হানে। পরে ঝড়টি দেশটির অন্য বেশ কয়েকটি প্রদেশের ওপর দিয়ে বয়ে যায়। এএফপি ও রয়টার্স।