৩০ দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা
পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ৩০ দিনের মধ্যে নির্বাচনের ডাক দেবেন। হুগো চাভেজ মারা যাওয়ার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলিয়াস হয়া গত মঙ্গলবার এ কথা জানিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টেলেসুরকে এলিয়াস হয়া বলেন, ‘এটা (নির্বাচন অনুষ্ঠান) কমরেড হুগো চাভেজের নির্দেশ।’ তিনি বলেন, চাভেজের স্থলাভিষিক্ত হওয়ার ‘কোনোই সুযোগ’ সংবিধানে নেই। তবে এই ৩০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না কিংবা এই সময়ের মধ্যে নির্বাচনের কোনো তারিখ চূড়ান্ত করা হবে কি না, সে সম্পর্কে কিছু বলেননি তিনি। সংবিধান অনুযায়ী পরবর্তী ৩০ দিনের মধ্যে নির্বাচন করার কথা।বিরোধী দলের দাবি, প্রেসিডেন্ট মারা গেলে এবং নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহণ না করা পর্যন্ত সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদের স্পিকার দিওসদাদো ক্যাবেল্লো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। কিন্তু অস্ত্রোপচারের উদ্দেশে কিউবা গমনের আগে চাভেজ ঘোষণা দিয়ে যান, তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে ভাইস প্রেসিডেন্ট মাদুরো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এএফপি।