৩০ বছর পর গুপ্তচরের মুক্তি
গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩০ বছর পাকিস্তানি কারাগারে সাজাভোগের পর ভারতীয় নাগরিক সুরজিৎ সিং (৬৯) অবশেষে দেশে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ওয়াগাহ সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।মুক্তির পর দেশে ফিরে সুরজিৎ তাঁর প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন, ‘৩০ বছর পর দেশে ফিরে আমি আমার সন্তানদের দেখা পেয়েছি। আমি খুবই খুশি।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানের কারাগারে এই দীর্ঘ সময়ে আমার সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করা হয়নি। আমি পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।’ ১৯৮০ সালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত থেকে সুরজিৎকে আটক করা হয়েছিল। গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ২০০৫ সালে তাঁর সাজার মেয়াদ শেষ হয়। মুক্তি উপলক্ষে সুরজিৎকে গতকাল লাহোরের কট লাখপট কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় পাঞ্জাব প্রদেশের ওয়াগাহ সীমান্তে নিয়ে আসা হয়। পরে সামান্য আনুষ্ঠানিকতা শেষে তিনি হেঁটে সীমান্ত পাড়ি দেন। ভারতীয় কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় তাঁর ছেলেসহ পরিবারের অন্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরাও উপস্থিত ছিলেন। সুরজিতের গলায় তাঁরা ফুলের মালা পরিয়ে দেন এবং মিষ্টিমুখ করান। এর আগে অবশ্য পাকিস্তানি গণমাধ্যমে খবর বেরিয়েছিল, যে ব্যক্তিকে মুক্তি দেওয়া হচ্ছে, তাঁর নাম সরবজিৎ সিং। তিনিও গুপ্তচরবৃত্তি ও বোমা হামলার অভিযোগে দুই দশক জেল খেটেছেন। পরে অবশ্য সংশোধন করে বলা হয়, সরবজিৎ নন, সুরজিৎকে মুক্তি দেওয়া হচ্ছে। তবে সরবজিতের পরিবার তাঁর মুক্তির জন্য অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁদের দাবি, সরবজিৎ নির্দোষ। পাঞ্জাবের এই কৃষক ভুল করে সীমান্ত পাড়ি দিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা গত বুধবার পাকিস্তান সরকারের প্রতি সরবজিৎসহ যেসব ভারতীয় বন্দীর সাজার মেয়াদ শেষ হয়েছে তাঁদের মুক্তির আহ্বান জানান। তাঁর আহ্বানের পরিপ্রেক্ষিতেই সুরজিৎকে মুক্তি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ভারত গত মাসে খলিল চিশতী (৮০) নামে পাকিস্তানি এক চিকিৎসককে মুক্তি দেয়। হত্যার অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। ২০১১ সালের এপ্রিলে গোপাল দাস নামের এক ভারতীয় বন্দীকে মুক্তি দেয় পাকিস্তান। মুক্তির পর গোপাল স্বীকার করেন, তিনি ভারতীয় গুপ্তচর ছিলেন। মুক্তির পর সুরজিৎও সাংবাদিকদের বলেন, তিনি গুপ্তচরবৃত্তির জন্যই পাকিস্তানে গিয়েছিলেন। তবে কারাগারে তাঁর প্রতি কোনো রকম অন্যায় করা হয়নি। দীর্ঘ কারাজীবনে তাঁর কোনো সমস্যা হয়নি। তিনি বলেন, পাকিস্তানকে তিনি পছন্দ করেন। কিন্তু তাই বলে কখনোই আর সেদেশে ফিরে যেতে চান না। কেননা আবার পাকিস্তানে ফিরে গেলে গোয়েন্দা সংস্থাগুলো তাঁকে গুপ্তচর বলেই ভাববে। এএফপি, বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।