৩০ বছরের জরুরি অবস্থা তুলে নিতে যুক্তরাষ্ট্রের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে ৩০ বছরের পুরোনো জরুরি অবস্থা অবিলম্বে তুলে নিয়ে গণতান্ত্রিক সংস্কারের জন্য মিসরের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মিসরের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমানকে টেলিফোন করে এ আহ্বান জানান। তবে সুলেইমান বলেছেন, ঝোঁকের মাথায় দ্রুত সংবিধান সংস্কার করা হলে তা দেশটির পরিস্থিতিকে আরও বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে। তাই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সুনির্দিষ্ট একটি রূপরেখা ও সময়সীমা নির্ধারণ করা হয়েছে।এদিকে প্রেসিডেন্ট মোবারকের পদত্যাগের দাবিতে গতকাল বুধবারও কায়রোর তাহরির স্কোয়ার বিক্ষোভকারীদের স্লোগানে ছিল উত্তাল।মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন গত মঙ্গলবার ওমর সুলেইমানকে ফোন করে বলেন, জনগণের আকাঙ্ক্ষার কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট মোবারকের উচিত ক্ষমতা ছেড়ে দেওয়া। বাইডেন আন্দোলনকারী ও সাংবাদিকদের গ্রেপ্তার না করতে মিসরের সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত যত দ্রুত সম্ভব আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন নীতি বন্ধ করা। জবাবে ওমর সুলেইমান বলেন, প্রেসিডেন্ট মোবারক জাতীয় ঐকমত্যের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ক্ষমতা হস্তান্তর-প্রক্রিয়া সংহত করতে একটি রূপরেখা ও সময়সীমা ঠিক করা হয়েছে। বর্তমান সংকট মোকাবিলায় মিসরের সরকার সঠিক পথেই আছে বলে মন্তব্য করেন তিনি। সুলেইমান বলেন, গত সপ্তাহে সরকারপন্থী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত কমিটি শিগগিরই কাজ শুরু করবে। তিনি জানান, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধের জন্য প্রেসিডেন্ট মোবারক বিশেষ নির্দেশনা জারি করেছেন।উল্লেখ্য, ১৯৮১ সাল থেকে প্রতি তিন বছর অন্তর মিসরে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ মেয়াদ বাড়ানো হয় গত বছর মে মাসে। এর আগে মিসর গণতন্ত্রের জন্য প্রস্তুত নয়—ওমর সুলেইমানের এই বক্তব্য মিসরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ‘সহায়ক নয়’ বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মুখপাত্র রবার্ট গিবস গত মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, মিসরে গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে দেশটির ভাইস প্রেসিডেন্টের মন্তব্য ইতিবাচক নয়। এ ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা ধরে এগিয়ে যাওয়ার প্রক্রিয়াও তাদের নেই। কায়রোর তাহরির স্কোয়ার ছাড়াও আলেকজান্দ্রিয়াসহ মিসরের বড় বড় শহরে গতকাল প্রেসিডেন্ট মোবারকবিরোধী বিক্ষোভ-সমাবেশ হয়েছে। গতকাল সকালে বিক্ষোভকারীরা তাহরির স্কোয়ারের দিকে যেতে চাইলে সেনাসদস্যরা তাদের পরিচয়পত্র দেখে ঢোকানো শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীর সংখ্যা এত বেড়ে যায় যে, সেনাসদস্যরা ওই প্রক্রিয়া বাদ দিতে বাধ্য হন। এরপর বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা এবং ভবনের ফটক বন্ধ করে দেন। পরে বিক্ষোভকারীরা ফটকের সামনেই অবস্থান নেন। সার্চইঞ্জিন গুগলের নির্বাহী ওয়ায়েল ঘোনিমকে আটকের ১২ দিন পর ছেড়ে দেয় নিরাপত্তা বাহিনী। গতকাল তিনি তাহরির স্কোয়ারে বিক্ষোভে অংশ নেন। ঘোনিম বলেন, ‘আমরা মূল দাবি থেকে সরে আসিনি। প্রেসিডেন্ট মোবারককে অবশ্যই পদত্যাগ করতে হবে।’ তরুণ বিক্ষোভকারী আহমেদ বলেন, ‘আমরা কারও কোনো কথা বিশ্বাস করি না। মিসরে চলতি সরকারবিরোধী আন্দোলনে ২৯৭ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি সাতটি হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ সংখ্যা প্রকাশ করে। সূত্র: বিবিসি, এএফপি ও রয়টার্স।