৩০ মার্চের আগে রেলমন্ত্রীকে দায়িত্ব ছাড়তে বলা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদিকে ৩০ মার্চের আগে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বলা হবে না উল্লেখ করে তাঁর দল তৃণমূল কংগ্রেসের কাছে বার্তা পাঠিয়েছে ক্ষমতাসীন দল কংগ্রেস। রেলের ভাড়া বাড়ানোকে কেন্দ্র করে বিরোধী দল, এমনকি নিজের দলের মধ্যেও কঠোর সমালোচনার মুখে পড়েছেন দীনেশ। এর পরিপ্রেক্ষিতে তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে তাঁর পদত্যাগের খবরও প্রকাশিত হয়।ভারতে ক্ষমতাসীন কংগ্রেস জোটের অন্যতম শরিক দল তৃণমূল কংগ্রেস। দলটি পশ্চিমবঙ্গের ক্ষমতায় রয়েছে। শরিক দল হিসেবে এর নেতা দীনেশকে কেন্দ্রীয় রেলমন্ত্রী করা হয়।রেলমন্ত্রী দীনেশ গত বুধবার আগামী অর্থবছরের জন্য রেলের বাজেট ঘোষণা করেন। এতে তিনি রেলের ভাড়া বাড়ানোর প্রস্তাব করে কঠোর সমালোচনার মুখে পড়েন।দীনেশের নিজ দল তৃণমূল কংগ্রেসের প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাড়া বাড়ানোর প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, রেলের ভাড়া বাড়ানো হলে দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ক্ষুব্ধ মমতা রেলমন্ত্রীর দায়িত্ব থেকে দীনেশকে সরিয়ে দিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে চিঠিও পাঠান। সেই চিঠিতে দীনেশের জায়গায় তাঁর দলের আরেক নেতা মুকুল রায়কে মনোনয়ন দেওয়ার কথা উল্লেখ করা হয়। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বুধবার গভীর রাতেই দীনেশ পদত্যাগপত্র পাঠিয়ে দেন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে। তৃণমূল কংগ্রেস মুকুল রায়কে গতকাল বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে পাঠায়। কলকাতার প্রায় সব সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, দীনেশের পদত্যাগের পর মুকুল রায় রেলমন্ত্রী হচ্ছেন। কিন্তু দীনেশ পদত্যাগ করলে রেলের বাজেট পাস করানো নিয়ে সমস্যা দেখা দিতে পারে আশঙ্কা করে তাঁর পক্ষে অবস্থান নেয় কংগ্রেস। তৃণমূলকে জানিয়ে দেওয়া হয়, ৩০ মার্চের আগে দায়িত্ব থেকে সরে যেতে বলা হবে না দীনেশ ত্রিবেদিকে।গতকাল লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি জানান, প্রধানমন্ত্রী মনমোহন তৃণমূল নেত্রী মমতার চিঠি পেলেও দীনেশ ত্রিবেদির পদত্যাগপত্র পাননি। মমতার চিঠির বিষয়টি প্রধানমন্ত্রী বিবেচনা করছেন। যথাসময়ে তা জানিয়ে দেওয়া হবে। এদিকে গতকাল লোকসভায় বিরোধী দলের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, ভারতের রেলমন্ত্রী কে? সরকারের পক্ষ থেকে জানানো হয়, দীনেশ ত্রিবেদি এখনো পদত্যাগ করেননি। তাই এমন প্রশ্ন তোলা অবান্তর। লোকসভায় প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা অরুণ জেটলি রেলমন্ত্রীকে নিয়ে পুরো ঘটনাকে ‘নাটক’ বলে আখ্যা দেন। এখন পর্যন্ত রেলমন্ত্রীর দায়িত্বে থাকা দীনেশ গতকাল বলেন, ‘প্রধানমন্ত্রী মনমোহন সিং বললেই আমি পদত্যাগ করব। এখন আমি রেলমন্ত্রীর দায়িত্বে আছি এবং রেলের বাজেট পাস করানো আমার কর্তব্য।’ দীনেশ দাবি করেন, প্রধানমন্ত্রী মনমোহন বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ তাঁকে পদত্যাগ করতে বলেননি।