৩০ শতাংশ নারীকে নির্যাতন করে আপনজন: বিশ্বস্বাস্থ্য সংস্থা

বিশ্বে প্রতি তিনজন নারীর মধ্যে একজন শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনের তথ্যমতে, বিশ্বে ৩০ শতাংশ নারী তাঁর খুব কাছের মানুষ বা প্রিয়জনের মাধ্যমে নির্যাতনের শিকার হন। খবর বিবিসি অনলাইনের।
নারীর ওপর সহিংসতা বিশ্বব্যাপী ‘মহামারি’ আকার ধারণ করেছে বলে ওই প্রতিবেদনে মন্তব্য করা হয়। এসব ঘটনায় নারী মানসিক অবসাদসহ বিভিন্ন রোগে ভুগছেন।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন (এলএসএইচটিএম) ও সাউথ আফ্রিকান মেডিকেল রিসার্চ (এসএএমআরসি) এ দুটি প্রতিষ্ঠানের সমীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রতিবেদনটি তৈরি করেছে। এতে প্রিয়জন ও অপরিচিত ব্যক্তিদের মাধ্যমে পৃথিবীজুড়ে নারীরা যে ধরনের সহিংসতার শিকার, এর একটি চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বে খুন হওয়া নারীর মধ্যে ৩৮ শতাংশই নিহত হন জীবনসঙ্গীর হাতে। ৪২ শতাংশ নারী শারীরিক বা যৌন নিপীড়নের শিকার হয়ে আহত হন। জীবনসঙ্গী বাদে পরপুরুষের মাধ্যমে নারী নির্যাতনের হার ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
নির্যাতনের শিকার বেশির ভাগ নারী সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার আশঙ্কায় বা কলঙ্কের ভয়ে অভিযোগ তোলেন না। দিনের পর দিন মুখ বুজে এসব সয়ে যান। পরিণামে তা তাঁকে বিষাদগ্রস্ত করে তোলে এবং মানসিক অস্থিরতার মতো সমস্যায় ভোগায়। এই নারীর অনেকে নেশার প্রতি আসক্ত হয়ে পড়েন, গোপনে গর্ভপাত ঘটান ও এইচআইভি ভাইরাসের তথা এইডসে আক্রান্ত হওয়ার মতো নানা জটিল রোগে আক্রান্ত হন।
বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান মার্গারেট চ্যান বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতা বৈশ্বিক স্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে, যা ‘মহামারির’ রূপ নিয়েছে।
এ সমস্যার সমাধান হিসেবে প্রতিবেদনে বলা হয়, নারীর বিরুদ্ধে সহিংসতা সয়ে যাওয়ার যে প্রবণতা সমাজে রয়েছে, এর দ্রুত অবসান ঘটা উচিত। একই সঙ্গে এ ধরনের সহিংসতা রোধে ও নারীদের নিরাপত্তা রক্ষায় বিশ্বব্যাপী স্বাস্থ্য কর্মকর্তাদের নতুন ধরনের নির্দেশনা গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।