৩১ জুলাই পর্যন্ত রিমান্ডে জান্দাল
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ২০০৮ সালে ভয়াবহ হামলার ঘটনায় গ্রেপ্তার আবু জান্দালকে ৩১ জুলাই পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। মুম্বাইসহ চারটি সন্ত্রাসী হামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শনিবার মুম্বাইয়ের একটি আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেন।সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান, জান্দালকে গতকালই নয়াদিল্লি থেকে মুম্বাই আনা হয়। কঠোর নিরাপত্তার মধ্যে মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলের একটি আদালতে তাঁকে হাজির করা হয়। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ জান্দালকে রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত ৩১ জুলাই পর্যন্ত রিমান্ড মঞ্জুর করেন।দিল্লির মুখ্য মহানগর হাকিম বিনোদ যাদব গত শুক্রবার জান্দালকে মুম্বাইয়ের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) হেফাজতে দেওয়ার নির্দেশ দেন। একটি মসজিদে হামলার ঘটনায় জান্দালকে আর জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই—দিল্লি পুলিশ এ কথা বলার পর আদালত তাঁকে এটিএসের হেফাজতে দেওয়ার নির্দেশ দেন।২০০৬ সালে আওরঙ্গবাদে অস্ত্র উদ্ধার, ২০০৮ সালে মুম্বাই হামলা, ২০১০ সালে জার্মান বেকারিতে বিস্ফোরণ ও পুলিশ প্রশিক্ষণকেন্দ্র নাসিক অ্যাকাডেমিতে হামলার ঘটনায় জান্দালকে জিজ্ঞাসাবাদ করবে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।মুম্বাইয়ের আদালত জিজ্ঞাসাবাদ শেষে জান্দালকে দিল্লি পুলিশের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। পিটিআই।