৩২ বছর পর যন্ত্রণার অবসান
৩২ বছর আগে আল্লা রাখির নাক কেটে নেন তাঁর স্বামী। এরপর তাঁর জীবনে নেমে আসে বিপর্যয়। কাউকে তিনি মুখ দেখাতে পারতেন না। এমনকি আয়নায় নিজের মুখও দেখতেন না। তবে সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর নাক প্রতিস্থাপন করা হয়েছে। এখন অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছেন আল্লা রাখি।গত এপ্রিলে পাকিস্তানের সার্জন অধ্যাপক হামিদ হাসান আল্লা রাখির অস্ত্রোপচার করেন। রাখির পাঁজরের মাংস কেটে নিয়ে নাকের জায়গায় অনুরূপ আকৃতিতে ওই মাংস প্রতিস্থাপন করা হয়। এ জন্য চিকিৎসক কোনো পারিশ্রমিকও নেননি। ঘটনাটি ১৯৮০ সালের। ঘটনাস্থল মধ্য পাঞ্জাবের একটি গ্রাম। রাখির ওপর প্রায়ই নির্যাতন করতেন স্বামী গুলাম আব্বাস। একপর্যায়ে স্বামীর ঘর থেকে পালিয়ে বাপের বাড়ির উদ্দেশে রওনা হন রাখি। তবে পথিমধ্যে তাঁকে ধরে ফেলেন স্বামী। এরপর একটি ধারালো ব্লেড দিয়ে তাঁর নাক কেটে ফেলেন। অতীতের সেই দুর্বিষহ অভিজ্ঞতার স্মৃতিচারণ করতে গিয়ে রাখি বলেন, ‘সে সময় আমার নাক না কেটে গলা কেটে নিলেও অনেক ভালো হতো।’ তিনি বলেন, ‘৩২টি বছর কেটে গেছে। এই সময়ে আমি সর্বদাই মুখ বেঁধে রাখতাম। কারণ, নাকহীন চেহারা আমাকে ভীষণ পীড়া দিত।’ রাখি আরও বলেন, ‘সেই সুদীর্ঘ সময়ে আমি কারও বিয়ে বা দাফন অনুষ্ঠানে যাইনি। কারণ, তারা আমার নাকের বিষয়ে জিজ্ঞেস করবে। এ ছাড়া স্থানীয় কোনো শিশু আমার চেহারা দেখলেই ভয়ে চিৎকার করে উঠত। এতে আমার নিজেকে নিজের কাছেই মৃত মনে হতো।’ বিবিসি।