৩২ লাখ বছর আগে থেকে...
বৃক্ষচারী আদিমানুষ ঠিক কবে মাটিতে সোজা হয়ে দুপায়ের ওপর হাঁটা শুরু করেছিল তা নিয়ে কয়েক দশকের বিতর্কের অবসান ঘটতে যাচ্ছে হয়তো। নতুন পাওয়া একটি পায়ের হাড়ের ফসিল থেকে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন মানুষের বিবর্তনে যুগান্তকারী ওই ঘটনা ঘটেছিল ৩২ লাখ বছর আগে। বলা হচ্ছে, মানব বিবর্তনের ইতিহাসের অনেক কিছুই নতুন করে লিখতে হবে এ আবিস্কারের ফলে।নতুন আবিস্কৃত ওই হাড়ের ফসিলটি অস্ট্রালোপিথেকাস অ্যাফারেনসিস প্রজাতির। ইথিওপিয়ায় ১৯৭৪ সালে ওই প্রজাতির একটি নারীর আংশিক কঙ্কালের ফসিল পাওয়া যায় যা ‘লুসি’ নামে পরিচিতি পায়। মিসরে নতুন সন্ধান পাওয়া ফসিলায়িত হাড়টি ওই প্রজাতির আদি মানুষেরই পায়ের পাতার চার নম্বর হাড় (মেটাটারসাল)। এর গঠন দেখে গবেষকেরা বলছেন, ৩২ লাখ বছর আগে অস্ট্রালোপিথেকাস অ্যাফারেনসিস ও তাদের স্বজনরা প্রথম আধুনিক মানুষের মতো সোজা হয়ে হাঁটাচলা করা শুরু করে। পায়ের আঙুল থেকে গোড়ালি পর্যন্ত থাকা হাড়গুলোকে মেটাটারসাল হাড় বলে। ওই হাড়টি থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছেন অস্ট্রালোপিথেকাস অ্যাফারেনসিস এর পায়ের পাতা ছিল স্থির ও খিলানের মতো। এটি যেমন ছিল মাটিতে পা ফেলে এগিয়ে যাওয়ার মতো শক্ত তেমনি ছিল ধাক্কা সামলানোর মত নমনীয়। গবেষণায় নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারল ওয়ার্ড বলেন, ‘এখন আমরা ‘লুসি’ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারব। তারা কোথায় থাকত, কী খেত এবং শত্রুর আক্রমণ থেকে কীভাবে রক্ষা পেত—জানা যাবে।’ গার্ডিয়ান।