৩৩ বছর চুটিয়ে প্রেম অতঃপর বিয়ে!
পাত্র বব হুইটল (৮৪)। পাত্রী ভিরা লরেন্স (৯৩)। শতবর্ষের কাছাকাছি বয়সী হলেও তাঁদের মনের রং এতটুকু কমেনি; রঙিন মনকে মলিন করতে পারেনি বয়স। বব ও ভিরা টানা ৩৩ বছর চুটিয়ে প্রেম করেছেন; এবার সিদ্ধান্ত নিয়েছেন বিয়ে করার। আর এ জন্য তাঁরা বেছে নিয়েছেন নতুন বছরের প্রথম দিনটিকেই। যুক্তরাজ্যের উত্তর সাফফলকের বেসেলসে আজ তাঁদের বিয়ে। বেসেলসের এই জুটি অবশ্য মনে করছেন, তাঁদের বিয়েটা একটু জলদিই হয়ে যাচ্ছে। অসুস্থ না হলে আরও কিছুদিন প্রেম করতেন। বব ও ভিরার প্রথম দেখা হয় একটি গানের অনুষ্ঠানে। সেই দিনের কথা মনে করে বব বললেন, ‘প্রথম দিনই আমি তাঁর প্রেমে পড়েছিলাম। মনে হচ্ছিল, আমরা বহু দিনের জুটি।’ কে আগে প্রস্তাব দিয়েছিলেন—এর উত্তরে ভিরা বলেন, ‘আমার মনে হয়, আমিই দিয়েছিলাম। আমি বলেছিলাম, আমরা কি বিয়ে করে আমাদের বন্ধনটা আরও দৃঢ় করতে পারি না? জবাবে বব বলেছিল, কেন নয়?’স্থানীয় সেন্ট লুকস গির্জায় বিয়ের অনুষ্ঠান হবে। বিয়ে পড়াবেন রেভারেন্ড জন বেউকাম্প। তিনি বললেন, তাঁরা খুবই সুখী জুটি।তবে বিয়ের পর মধুচন্দ্রিমায় যাওয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই এই প্রবীণ জুটির। বিবিসি।