৩৩৮ ভারতীয় নাগরিককে পাকিস্তান মুক্তি দিচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তি পাওয়ার অপেক্ষায় করাচির একটি কারাগারে বন্দী একদল ভারতীয় নাগরিক ষ রয়টার্সের ফাইল ছবি
মুক্তি পাওয়ার অপেক্ষায় করাচির একটি কারাগারে বন্দী একদল ভারতীয় নাগরিক ষ রয়টার্সের ফাইল ছবি

পাকিস্তান আজ শুক্রবার ৩৩৮ জন ভারতীয় নাগরিককে মুক্তি দিচ্ছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ সফরের সময় এই বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়টি ঘোষণা করেছিল পাকিস্তানের সরকার। বিষয়টিকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আজ মুক্তি পেতে যাওয়া ৩৩৮ জন ভারতীয় নাগরিকের মধ্যে ৩৩০ জনই প্রাপ্তবয়স্ক। তাঁরা পাকিস্তানের মালির জেলার একটি কারাগারে বন্দী রয়েছেন। বাকি আটজন অপ্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিক বন্দী রয়েছে একই জেলায় অবস্থিত কিশোর অপরাধীদের এক স্কুলে। এই বন্দীদের লাহোরের ওয়াগাহ সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হবে। এ বিষয়ে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত চলতি সপ্তাহের শুরুর দিকেই সিন্ধু প্রদেশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। মুক্তি পেতে যাওয়া এই বন্দীদের ভারতীয় নাগরিকত্বের বিষয়টি আগেই নিশ্চিত করেছে নয়াদিল্লি। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কে উন্নতির নিদর্শন হিসেবে এই বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে। কাশ্মীর সীমান্তে সংঘাত, সন্ত্রাসবাদী হামলাসহ নানা বিষয়ে উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরে। সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদ সফরে যান। এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ওই বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়ে তাঁর সরকারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
ভারতীয় ওই বন্দীদের ওয়াগাহ সীমান্তে নিতে সিন্ধু প্রদেশের সরকার আটটি বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত বাস ও খাবারের ব্যবস্থা করেছে। ডন।