৩৫০ বছরে কনিষ্ঠতম ম্যারি ব্ল্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য ম্যারি ব্ল্যাক।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য ম্যারি ব্ল্যাক।

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও জননীতির ছাত্রী ম্যারি ব্ল্যাক। রাজনীতিতে চমক দেখালেন মাত্র ২০ বছর বয়সেই। এবারের সাধারণ নির্বাচনে যুক্তরাজ্যের সাড়ে তিন শ বছরের ইতিহাসে কনিষ্ঠতম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) এই প্রার্থী হারিয়ে দিয়েছেন লেবার দলের হেভিওয়েট প্রার্থী ডগলাস আলেক্সান্ডারকে। খবর রয়টার্সের।

স্কটিশ জাতীয়তাবাদী আন্দোলনের সাম্প্রতিক উত্থানের প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বরে মনে করা হচ্ছে ম্যারি ব্ল্যাকের এই বিজয়কে। পেইসলে ও রিনফ্রিউশায়ার দক্ষিণ নির্বাচনী এলাকায় এসএনপির এই প্রার্থী পেয়েছেন ২৩ হাজার ৫৮৪ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী লেবার দলের ডগলাস আলেক্সান্ডার পেয়েছেন ১৭ হাজার ৮০৪ ভোট।

সাড়ে তিন শ বছরের মধ্যে কনিষ্ঠতম এমপি নির্বাচিত হওয়া ম্যারি ব্ল্যাক যে প্রার্থীকে হারিয়েছেন তিনি লেবার দলের ছায়া পররাষ্ট্রমন্ত্রী এবং দলটির নির্বাচনী প্রচার প্রধান।

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও জননীতি বিষয়ের স্নাতক শেষ বর্ষের ছাত্রী ম্যারি ব্ল্যাক। গ্লাসগোর দক্ষিণে পেইসলের একটি লেবার সমর্থক পরিবারে বেড়ে উঠেছেন ম্যারি। রাজনীতিতে এই তরুণীর প্রথম সক্রিয়তা কয়েক বছর আগের ইরাক যুদ্ধবিরোধী বিক্ষোভ মিছিলে। তাঁর আনুষ্ঠানিক জীবনবৃত্তান্তে বলা হয়েছে, স্কটল্যান্ড জুড়ে রাজনৈতিক সফরে গিয়ে তিনি নানা অঞ্চলের বঞ্চনা দেখে ব্যথিত হন। আর সেই থেকেই সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন তিনি।


বিবিসি জানিয়েছে, ১৬৬৭ সালে নির্বাচিত ১৩ বছর বয়সী ক্রিস্টোফার মঙ্কই ছিলেন হাউস অব কমন্সে সর্বকনিষ্ঠ এমপি। গত সাড়ে তিন শ বছরের মধ্যে নির্বাচিত পার্লামেন্ট সদস্যদের মধ্যে ম্যারি ব্ল্যাকই সবচেয়ে কম বয়সী।