৩৬০ কোটি টাকায় পিকাসোর চিত্রকর্ম বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবলো পিকাসোর বিখ্যাত চিত্রকর্ম ‘সিটেড উইম্যান ইন ব্লু ড্রেস’। ছবি: এএফপি
পাবলো পিকাসোর বিখ্যাত চিত্রকর্ম ‘সিটেড উইম্যান ইন ব্লু ড্রেস’। ছবি: এএফপি

জগদ্বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম নিলামে সাড়ে চার কোটি মার্কিন ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬০ কোটি টাকার সমান। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

চিত্রকর্মে পিকাসো তাঁর অনেক প্রেমিকার একজন ডোরা মারের প্রতিকৃতি এঁকেছেন। চিত্রক তাঁর স্বতন্ত্র বৈশিষ্ট্য অনুসারে বিকৃত করে প্রতিকৃতি তুলে ধরেছেন।

প্রতিকৃতিতে দেখা যায়, বেগুনি বর্ণের টুপি (হ্যাট) পরা এক নারী বসে আছেন। তাঁর পরনে নীল রঙের পোশাক। প্রতিকৃতিতে নারীর মুখমণ্ডল বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে।

‘সিটেড উইম্যান ইন ব্লু ড্রেস’ (নীল পোশাকে বসে থাকা নারী) নামের পিকাসোর এই অন্যতম বিখ্যাত চিত্রকর্ম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে বিক্রি হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী চিত্রকর্মটি জব্দ করেছিল। পরে প্রতিরোধ যুদ্ধের মধ্য দিয়ে চিত্রকর্মটি ফরাসি বাহিনীর হাতে আসে।

পিকাসো ও ডোরা মারের মধ্যে নয় বছর ধরে গভীর প্রেমের সম্পর্ক ছিল। ১৯৩৯ সালে চিত্রকর্মটি আঁকেন তিনি। তখন পিকাসোর বয়স ছিল ৫৮ বছর। আর ডোরার বয়স ছিল ৩১ বছর।

চিত্রকর্মটি এক মার্কিন সংগ্রাহকের কাছে চলে গিয়েছিল। ছয় বছর আগে চিত্রকর্মটি ২ কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

২০১৫ সালে পিকাসোর ‘উইমেন অব আলজিয়ার্স’ নামের চিত্রকর্মটি রেকর্ড ১৭ কোটি ৯০ লাখ ডলারে নিলামে বিক্রি হয়।